logo

আবারো কমল সোনার দাম, চার দিনে ৭ হাজার ১৭৩ টাকা

নিজস্ব প্রতিবেদক

Published:25 Oct 2026, 12:24 PM

আবারো কমল সোনার দাম, চার দিনে ৭ হাজার ১৭৩ টাকা

আবারো কমল সোনার দাম, চার দিনে ৭ হাজার ১৭৩ টাকা

দেশের বাজারে আবারো কমেছে সোনার দাম। এ নিয়ে গত চার দিনে তিনবার কমল সোনার দাম। রোববার (২৫ অক্টোবর) সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ তিন হাজার ৩২৪ টাকা।

এর আগে শুক্রবার সোনার দাম কমেছে ভরিতে দুই হাজার ১৫৮ টাকা। বৃহস্পতিবার সোনার দাম কমেছিল ভরিতে এক হাজার ৬৯১ টাকা। অর্থাৎ চার দিনে সোনার দাম কমল ভরিতে সর্বোচ্চ সাত হাজার ১৭৩ টাকা। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার সকালে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে। বলা হয়, দেশের বাজারে তেজাবি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে সোনার দরপতনই হচ্ছে মূল কারণ। আজ সকাল ১০টায় সোনার নতুন দর কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের দাম হয়েছে দুই লাখ ১০ হাজার ৯৪৩ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম এক লাখ ৮১ হাজার ২০০ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

আজ দাম কমার আগে ২২ ক্যারেটের সোনার দাম দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা; ২১ ক্যারেটের দাম দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা; ১৮ ক্যারেটের দাম এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা ছিল।

সোনার গহনার দাম কমলেও অপরিবর্তিত আছে রুপার গহনার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম তিন হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম তিন হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দুই হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে চলতি বছর বিশ্ববাজারে সোনার দাম কমেই চলেছে। আজ পর্যন্ত প্রতি আউন্স সোনার দাম প্রায় ৪৯ ডলার ও রুপার দাম এক ডলার ০২ সেন্ট কমেছে। সামগ্রিকভাবে গত এক মাসে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ২১৮ ডলার কমেছে। সোনার দাম ধারাবাহিকভাবে কমছে, তার অংশ হিসেবে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে।

সাধারণত যুদ্ধ বা অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বাড়ে। তবে এবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে, সোনার দাম উল্টো কমছে। এ সময় মার্কিন ডলারভিত্তিক বন্ডের সুদ বেড়েছে, ফলে বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকেছেন। বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ার এটাই মূল কারণ। গত ছয় মাসে সোনার দাম কমেছে ৬৫১ ডলার।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com