logo

ইউরোপের ৩ দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

নিজস্ব প্রতিবেদক

Published:23 Oct 2026, 03:45 PM

ইউরোপের ৩ দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপের ৩ দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস এবং সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় ফেরেন।

এর মধ্যে- ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।

ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় শুক্রবার একটি প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করা হয়।

এর মাধ্যমে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বার্তায় বলা হয়, ইউরোপে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হয়। দূতাবাস নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের ওপর গুরুত্বারোপ করেছে।

দূতাবাস আরও জানিয়েছে, যথাযথ ভিসা ছাড়া ইতালিতে যাওয়ার জন্য মানব পাচারকারী, দালাল বা চোরাকারবারিদের অর্থ দেওয়া অবৈধ। এর পরিণতি হিসেবে নিজ দেশে প্রত্যাবাসন এবং শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা প্রদান করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, একটি বিশেষ বিমানে করে ৩৫ বাংলাদেশি শুক্রবার সকালে ঢাকায় এসেছেন। তাদের সবাইকে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্প থেকে বিমানবন্দরে সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে কাউন্সিলিং ও প্রশিক্ষণ শেষে সবাইকে অর্থনৈতিক সহায়তা করা হবে।

ইউরোপ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনতে বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি ফেরত এসেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ফেরত এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে। 

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com