রাজধানীর গেণ্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জে মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনাটির তদন্ত করছে পুলিশ। ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনারকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এসব কথা বলেছেন। রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টায় মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্তে আইনের ব্যত্যয়ের তথ্য-প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রকাশ্যে অস্ত্র তাক করে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান সংক্রান্ত প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে আইনের ব্যত্যয়ের তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
শনিবার বিকালে ইশরাক তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনার একটি ভিডিও আপলোড করেন। আইন ভেঙে অস্ত্র হাতে অভিযান পরিচালনার বিষয়ে সমালোচনা শুরু হয়েছে। আইনজ্ঞরা এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।
ফেসবুকে প্রতিমন্ত্রী যে ভিডিও আপলোড করেছেন তার শিরোনাম– ‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’। এতে দেখা যায়, ইশরাক অস্ত্র হাতে গাড়ি থেকে নামার পর তার সঙ্গে থাকা ব্যক্তিরা রেললাইনের পাশে অবস্থান করা কয়েকজনকে ধরতে এগিয়ে যান। এ সময় কয়েকজন যুবককে বলতে শোনা যায়, ‘স্যার আমি কিছু করিনি। আমি গরিব মানুষ স্যার।’ প্রতিমন্ত্রী তখন বলেন, ‘পুলিশ আসবে, তারপর কথা হবে।’
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে তার নিয়োগ দেওয়া দুই দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলু ছিলেন। পাশাপাশি একজন সরকারি দেহরক্ষী ছিলেন। নিজের নিয়োগ দেওয়া দেহরক্ষীদের কাছেও অস্ত্র ছিল। সরকারি দেহরক্ষীকে অস্ত্র তাক করতে দেখা যায়।
এলাকার লোকজন জানান, শনিবার ইশরাক হোসেন রেললাইন-সংলগ্ন বস্তিতে মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালান । এ সময় মাদক ব্যবসায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এর আগেও এই আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির সংবাদমাধ্যমকে বলেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন। পরে থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে তাদের নিয়ে আসেন। ওসি বলেন, আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কিনা, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
প্রতিমন্ত্রী ইশরাকের এ ঘটনায় প্রশ্ন উঠেছে, তার হাতে থাকা অস্ত্রটি বৈধ কিনা? পাশাপাশি বৈধ হলেও এভাবে অস্ত্র প্রদর্শন করা আইনসম্মত হয়েছে কিনা? আইনজ্ঞরা বলছেন, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান বা নীতিনির্ধারক মাত্র। মাঠ পর্যায়ে সরাসরি পুলিশি অভিযান পরিচালনা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো বিশেষ ক্ষমতা সংবিধান বা ফৌজদারি কার্যবিধি তাদের দেয়নি।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬’ অনুযায়ী বৈধ অস্ত্র ব্যবহার করে কাউকে ভয়ভীতি প্রদর্শন, প্রদর্শনীবাজি বা হয়রানি করা সম্পূর্ণ নিষিদ্ধ। অপরাধী ধরার জন্য বা কোনো আইন প্রয়োগের উদ্দেশ্যে ব্যক্তিগত অস্ত্র প্রকাশ্যে উঁচিয়ে অভিযান চালানো এই নীতিমালার পরিপন্থি এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। ইশরাক হোসেন অবশ্য তার কাছে থাকা অস্ত্র বৈধ অর্থাৎ লাইসেন্স করা বলে জানান। গত নির্বাচনী হলফনামায় অস্ত্রের কথা উল্লেখ না থাকার বিষয়ে তিনি বলেন, অস্ত্রটি হলফনামা জমা দেওয়ার পরে নেওয়া।
কেন অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন সেই ব্যাখ্যাও দেন তিনি। জানান, সাধারণ নাগরিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে তিনি শনিবার এলাকাটিতে গিয়েছিলেন। এটি ছিল পুলিশ, স্থানীয় রাজনীতিক ও সামাজিক নেতাদের যৌথ সিদ্ধান্তের কর্মসূচি। তিনি আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন।
পিপলসনিউজ/আরইউ