ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ভোররাতে এসব হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।
ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। এর মধ্যেই সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তারা সৌদির রাজধানী রিয়াদের উত্তরে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে।
রয়টার্স জানিয়েছে, এডেন আন্তর্জাতিক বিমানবন্দর হুতিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের বাকি অংশের প্রধান আন্তর্জাতিক প্রবেশপথ।
পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, কায়রো থেকে আসা একটি উড়োজাহাজ অবতরণ করার কয়েক মিনিট আগে একটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরটির রানওয়ের কাছে আঘাত হানে।
কর্তৃপক্ষ ওই উড়োজাহাজের অবতরণ বাতিল করে সেটিকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পাঠিয়ে দেয়। হামলার সময় রানওয়েতে থাকা দুটি উড়োজাহাজকে আরও হামলা হতে পারে শঙ্কায় সরিয়ে নেওয়া হয়। হুতিরা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনদাতা সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের উত্তরে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা। জোট বলেছে, হুতিদের নিয়ন্ত্রিত সানা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে আর তারা উৎক্ষেপণ মঞ্চটির দিকে নজর রাখছে এবং সেটিকে ধ্বংস করবে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, তারা বেশ কয়েকটি ড্রোন দিয়ে রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যস্থল করেছে।
খালিদ বিমানবন্দরে হামলা হয়েছে কি না, এ বিষয়টি সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।
ইয়েমেনের বেশ কয়েকটি যুদ্ধক্ষেত্রে লড়াই তীব্র হয়ে ওঠার মধ্যেই এসব হামলার খবর এল। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকার হুতিদের বিরুদ্ধে ব্যাপক পাল্টা অভিযান শুরু করেছে।
গত কয়েক সপ্তাহে হুতিরা ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূল থেকে সরকারি বাহিনীকে হটিয়ে পুরো অঞ্চলটি দখল করে নিয়েছিল। এসব অঞ্চল উদ্ধারে সৌদি জোটের বিমান হামলার ছত্রছায়ায় ইয়েমেনের সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে তীব্র লড়াইয়ে জড়িয়েছে।
ওই উপকূলীয় এলাকা পুনরুদ্ধার করতে পারলে লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালি ও উপকূলীয় শহর মোখা ইরানপন্থি হুতিদের হাতছাড়া হবে।
পিপলসনিউজ/আরইউ