logo

এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

Published:24 Sep 2026, 05:00 PM

এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত

এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর স্ল্যাবে রডের বদলে বাঁশ ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কার্যসহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. হাসমত আলী বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী। তিনি প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার মাইজখাড়া জিপিএস সড়কের দুই হাজার ৩০৫ মিটার চেইনেজে ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতু নির্মাণকাজের তদারকির দায়িত্বে ছিলেন।

অফিস আদেশে বলা হয়েছে, সেতু নির্মাণকাজে স্পেসিফিকেশন বহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে জনসাধারণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

আদেশে আরও বলা হয়, অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার অসদুদ্দেশ্যে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে হাসমত আলী রডের পরিবর্তে বাঁশ এবং স্পেসিফিকেশন বহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছেন বলে প্রতীয়মান হয়েছে।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধিতে বর্ণিত অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। আদেশটি জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com