ভারতের মুম্বাইয়ে বাসভবন ‘জলসার’ বাইরে এসে প্রতি রোববার ভক্ত-অনুরাগীদের দেখা দেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সে সময় ভক্তদের উদ্দেশে হাত নাড়েন, কখনো কুশলও বিনিময় করেন তাদের সঙ্গে।
তবে এবার সেই চেনা ছবিতে যোগ হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। গত রোববার ‘জলসার’ বাইরে উঁচু মঞ্চে দাঁড়িয়ে অমিতাভ অনুরাগীদের সঙ্গে দেখা দেন ঠিকই। তবে সে সময় অভিনেতা ছিলেন বুলেটপ্রুফ কাচের বাক্সের মধ্যে।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওতে দেখে গেছে- কাচের আবরণের ভেতরে দাঁড়িয়েই বাইরে অপেক্ষারত অনুরাগীদের দিকে হাত নাড়েন অমিতাভ। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ওই সময় বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
ওই দিন বাবার সঙ্গেই ছিলেন ছেলে অভিষেক বচ্চনও। অমিতাভের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। ঘটনাস্থলে ছিলেন মুম্বাই পুলিশের সদস্যরাও।
কিন্তু হঠাৎ কেন এই বাড়তি নিরাপত্তা? সম্প্রতি অমিতাভের বাড়ি লক্ষ্য করে বোমা হামলার হুমকি দিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি ইমেইল করেছিলেন।
তাতে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের কার্যালয়, গায়ক দিলজিৎ দোসাঞ্জের আসন্ন কনসার্টের স্থান এবং অমিতাভের বাসভবন ‘জলসা’ লক্ষ্য করে সম্ভাব্য বোমা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হুমকিতে ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে হামলার একটি সম্ভাব্য সময়সীমার কথা বলা হয়েছে।
আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিতের কনসার্ট হওয়ার কথা রয়েছে। এছাড়া ই-মেইলে খালিস্তানপন্থু স্লোগানও ছিল।
গত ২৩ অক্টোবর মুম্বাই পুলিশের কাছে এই ইমেইল সম্পর্কে তথ্য আসে। ফলে নিরাপত্তা সংস্থা এবং মুম্বাই পুলিশ সতর্ক অবস্থান নেয়।
পিপলসনিউজ/আরইউ