logo

ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে সেটাই করব: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

Published:26 Oct 2026, 03:54 PM

ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে সেটাই করব: আইজিপি

ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে সেটাই করব: আইজিপি

সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিকের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।

আলী হোসেন ফকির বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে। তিনি বলেন, যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব।

পুলিশের দায়িত্ব পালন ও বলপ্রয়োগ নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, পুলিশ লাঠিপেটা করলে বলা হয় পুলিশ ফ্যাসিস্ট, আবার পুলিশ নীরব থাকলে বলা হয়, দুর্বল পুলিশ। এ অবস্থায় পুলিশকে কাজ করার পরিবেশ দিতে হবে এবং দায়িত্ব পালনে সক্ষম করতে হবে।

তিনি বলেন, আপনারা সুখে, শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নাই। যত বাহিনীই বলি, সেনাবাহিনী বলি, তারা দেশ রক্ষা করবে, সার্বভৌমত্ব রক্ষা করবে, ইন্টারনাল শৃঙ্খলা, শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন— সবকিছুই আপনার-আমার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব। আপনারা পুলিশকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা কইরেন না, নিজেরাও ব্ল্যাকমেইল হইয়েন না।

দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে আলী হোসেন ফকির বলেন, আমরা শান্তি প্রতিষ্ঠা করি। সব দল-মতের ইলেকশন এজেন্ডা থাকে শান্তি। শেষে গিয়া দেখা যায়, শালিস মানি; কিন্তু তালগাছটা আমার, আমাকেই দিতে হবে। তাহলে সমাজব্যবস্থা সুখী-সমৃদ্ধময় হতে পারবে না।

পুলিশপ্রধান বলেন, আইন-সংবিধান অনুযায়ী আমাদের চলতে হবে। সেই জিনিসগুলো যদি আমরা না করি, সমাজে কেউ আপনারা দিনে হোক রাতে হোক কোথাও শান্তিতে বসবাস করতে পারবেন না। সুতরাং দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন, এটা স্বীকার করে নিয়ে আইন এবং সংবিধান অনুযায়ী আমাকে দায়িত্ব পালন করতে দিন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কিন্তু আমাদেরও চেক অ্যান্ড ব্যালেন্স আছে। আমাদের সদস্যরা কেউ অপরাধ করলে আমরা যদি ব্যবস্থা না নিই, তখন আপনি বলতে পারেন যে, আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। আবার মিথ্যা অভিযোগ, গুজব এগুলায় কান না দিয়ে আসলে প্রকৃতপক্ষে যে ঘটনা ঘটছে সমাজে, সেটার প্রতিকার করার জন্য আমরা সবাই মিলে কাজ করি।

আইজিপি বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা তো আমরা কোনো মানবাধিকার লঙ্ঘন করি নাই। আমরা কোনো আনওয়ান্টেড ফোর্স অ্যাপ্লাই করি নাই। আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে পুলিশের অবস্থা ছিল, পুলিশ রাস্তায় ডিউটি করার জন্য ভয় পেত, তারা যেতে সাহস পেত না। সেই অবস্থা থেকে আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী-সমৃদ্ধিময় বাংলাদেশ, আপনাদেরকে প্রকৃত স্বস্তি, শান্তিপূর্ণ পরিবেশ দেওয়ার জন্য, আপনার অর্থনৈতিক উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com