logo

খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

Published:23 Nov 2026, 01:16 PM

খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা

খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা

তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা। গত সেপ্টেম্বর মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এখন মোট বিতরণ করা ঋণের মধ্যে ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি ঋণ।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে।

এর আগে গত জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ছয় লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন তা ছিল মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বলছে, গত ডিসেম্বর মাস শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল পাঁচ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। মার্চ শেষে বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কমলেও পরের প্রান্তিকে তা বেড়ে যায়।

২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। তারা ক্ষমতাচ্যুত হওয়ার আগে ২০২৪ সালের জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের মেয়াদে আওয়ামী লীগ-সমর্থিত অনেক গ্রাহককে জনসমক্ষে দেখা যায়নি। ফলে খেলাপি ঋণ বেড়ে যায়। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃ তফসিলের সুযোগ দেয়। তাতে খেলাপি ঋণ কমে আসে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে বর্তমান বিএনপি সরকারের আমলেও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, শ্রেণিকৃত ঋণের পরিমাণ খুব বেশি বাড়েনি। তবে আপাতত এসব ঋণ কমছে না। ভালো উদ্যোক্তাদের জন্য ঋণ পুনঃতফসিলসহ বিভিন্ন নীতিগত সহায়তা অনুমোদনের প্রক্রিয়ায় সময় লাগছে।

তিনি বলেন, কিছু ব্যাংক ইতোমধ্যে এসব সুবিধা অনুমোদন করেছে। অন্য কয়েকটি ব্যাংক তা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। ডিসেম্বরের পর ভালো উদ্যোক্তারা খেলাপি ঋণের তালিকা থেকে বেরিয়ে এলে শ্রেণিকৃত ঋণের পরিমাণ কমে আসবে।

এদিকে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণেও পিছিয়ে আছে ব্যাংকগুলো। সেপ্টেম্বর শেষে এ খাতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা। জুন শেষে এই ঘাটতি ছিল দুই লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ঘাটতি সামান্য কমেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নিয়ন্ত্রক সংস্থা বিভিন্ন নীতিগত সহায়তা দিলেও খেলাপি ঋণ কমছে না। কারণ, ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে প্রয়োজনীয় ডাউন পেমেন্ট বা প্রাথমিক জমার অর্থ সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (এবিবি) সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, মূল ঋণের সঙ্গে সুদ যোগ হওয়ায় খেলাপি ঋণের মোট পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। এককালীন ঋণ পরিশোধের সুযোগ বা ওয়ান টাইম এক্সিট সুবিধার আওতায় ছোট ঋণগ্রহীতাদের কেউ কেউ ঋণ পরিশোধ করছেন। তবে বড় ঋণগ্রহীতাদের ক্ষেত্রে তেমন অগ্রগতি নেই। আবার বন্ধক রাখা সম্পত্তি বিক্রি করাও কঠিন হয়ে পড়েছে। কারণ, এসব সম্পত্তির ক্রেতা পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, ১৫টি ব্যাংকেই মোট খেলাপি ঋণের ৮৫ শতাংশ কেন্দ্রীভূত। অর্থাৎ খেলাপি ঋণের বড় অংশ অল্প কয়েকটি ব্যাংকে।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই জ্যেষ্ঠ ব্যাংকার। তার ভাষায়, দেশের পরিস্থিতি ভালো নয়, বরং অনিশ্চিত। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় ভালো ঋণগ্রহীতারাও ঋণ পরিশোধ করতে পারছেন না।

তিনি বলেন, সরকারের সদিচ্ছা আছে, কিন্তু সামগ্রিক পরিস্থিতি ভালো নয়। খেলাপি ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পত্তিও বিক্রি করা যাচ্ছে না, কারণ ক্রেতা নেই।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com