গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন মা-ছেলে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে কালিয়াকৈর থেকে চার জন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানটি সড়কের পাশে পড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ পাঁচ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।
পিপলসনিউজ/আরইউ