logo

গায়ক শেখ সাহেদ আলী মারা গেছেন

বিনোদন প্রতিবেদক

Published:13 Nov 2026, 12:41 PM

গায়ক শেখ সাহেদ আলী মারা গেছেন

গায়ক শেখ সাহেদ আলী মারা গেছেন

না ফেরার দেশে পাড়ি জমালেন নব্বই দশকের দর্শকপ্রিয় সংগীতশিল্পী ও ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷ তার বয়স হয়েছিল ৬৩ বছর।

এই গায়ক ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। 

সাহেদ আলীর মৃত্যুর খবর জানিয়ে তার বন্ধু এরশাদুল হক টিংকু বলেন, মাল্টিপল অর্গান ফেইলিউর হওয়ার কারণে সাহেদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রক্তক্ষরণসহ শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। শুক্রবার সকালে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে না পারায় চিকিৎসকদের পরামর্শে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

তিনি জানিয়েছেন, সাহেদ আলীর জানাজা হবে বাদ আসর পুরান ঢাকার গোপীবাগ জামে মসজিদে। জানাজা শেষে গোপীবাগ পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে প্রয়াত এই শিল্পীকে দাফন করা হবে৷

দীর্ঘ চার বছর ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ এবং নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছিলেন।

গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার স্ট্রোক হয় এবং স্বাভাবিকভাবে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। পরবর্তীতে তার শরীরে ডেঙ্গু, ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহ ধরা পড়ে।

শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ অক্টোবর তাকে পুরান ঢাকা গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে দ্রুত আইসিইউ এবং পরবর্তীতে এইচডিইউতে রেখে চিকিৎসাসেবা দেওয়া হয়।

অনেকদিন ধরেই গানের সঙ্গে নেই শেখ সাহেদ আলী। তবে নতুন প্রায় দুই ডজন গান নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই শিল্পী।

এরশাদুল হক টিংকু জানিয়েছিলেন গত ১১ বছরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন সাহেদ আলী। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রহে রাখার জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল।

গত ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ উপলক্ষে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। শিল্পীর অসুস্থতার কারণে আয়োজনটি বাতিল করা হয়েছে।

শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে গান করছেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত।

তার দর্শকপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

তার প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com