গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে একইদিন সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। এসময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহন পোড়ানো হয়। সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীম বলেন, মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে সংসদ সদস্যের দোতলা পাকা বাড়ি ও টিনসেড ঘরে হামলা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে বাসার সামনে জড়ো হন। তারা প্রথমে স্লোগান দেন, এরপর ভাঙচুর শুরু করেন। শেষে পেট্রোল ও অকটেন দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনরা বের হয়ে যান।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংসদ সদস্যের বাড়িতে হামলা চালাচ্ছেন। বাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে। এদিকে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে পুলিশ সদস্যরা কেউ ছিলেন না। এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। পরে তারা আগুন ধরিয়ে দেন।
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে আজ গোপালগঞ্জে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করে রাখা হয়েছে। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের শহরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গত মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ায় সাবেক সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, থানায় আগুন দেওয়া হয়েছে। সেখানে কয়েকটি গাড়ি পোড়ানো হয়েছে। কিছু মোটরসাইকেলও পুড়ে একদম ছাই হয়ে গেছে। কতগুলো যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে তার সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পুলিশ সদস্যদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পিপলসনিউজ/আরইউ