ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন এবং একই নামে উপজেলা করার উদ্যোগের প্রতিবাদে রেল ও সড়কপথ অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। পাঁচ ঘণ্টা পর প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাবি সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেন তারা।
রোববার (৮ নভেম্বর) সকাল সাতটার দিকে সদর উপজেলার কোড্ডা এলাকায় এ কর্মসূচি শুরু করেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সদর সড়কেও যান চলাচল বন্ধ থাকে।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা রেললাইনে স্লিপার ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে দুই পথে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকেরা ভোগান্তিতে পড়েন।
অবরোধের খবর পেয়ে বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা। তারা তিন দিনের মধ্যে প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাবির বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে সড়ক ও রেলপথ ছেড়ে যান।
বাসুদেব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন শের শাহ বলেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া তার ভাই প্রধানমন্ত্রীর এপিএস আবদুর রহমান সানির প্রভাব খাটিয়ে বাসুদেব ইউনিয়ন ভেঙে আমাদের না জানিয়ে বরিশল ইউনিয়ন গঠন করেছেন। আমরা বরিশল ইউনিয়নে যেতে চাই না। এখন আবার বরিশল নামে উপজেলা গঠনের চেষ্টা চলছে। আমরা আগের মতো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধীনেই থাকতে চাই।
বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, বরিশল গ্রামটি আমাদের এলাকা থেকে অনেক দূরে। সেখানে যেতে দীর্ঘ সময় লাগবে এবং অতিরিক্ত যানবাহন ভাড়া গুনতে হবে। এ কারণে আমরা নতুন ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে চাই না।
স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম— কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল ভেঙে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে ওই বছরের ৪ জুন গেজেট প্রকাশিত হয়।
বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসলেও কোনো সুরাহা হয়নি। বরং সম্প্রতি সদর উপজেলার তিনটি ইউনিয়ন— বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ভেঙে আখাউড়া উপজেলায় যুক্ত করা বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব করা হয়।
পিপলসনিউজ/আরইউ