logo

ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী

নিজস্ব প্রতিবেদক

Published:08 Oct 2026, 04:14 PM

ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী

ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী

সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ ওঠা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিথী আক্তার আর নেই। ঘটনার পর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। 

ঘটনার ছয় মাস পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

২৫ বছর বয়সি বিথী উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার বাসিন্দা মো. রাকিবুল ইসলামের স্ত্রী। তিনি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি নার্স ছিলেন। 

বিথীর স্বামী রাকিবুল বলেন, ৬ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিথীর সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তার পেটে গজ রেখে সেলাই দিয়ে দেওয়া হয়। এরপর থেকেই বিথী তীব্র যন্ত্রণা ও দীর্ঘ জটিলতা শুরু হয়।

শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে প্রথম অস্ত্রোপচারের প্রায় দুই মাস পর ১৫ জুলাই আবারও অস্ত্রোপচার করাতে হয়। চিকিৎসাধীন থাকাকালীন অবস্থার অবনতি হলে তাকে কয়েকদিন আইসিইউতে রাখা হয়।

রাকিবুল বলেন, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ৪ অক্টোবর বিথীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এর মধ্যে জেলা প্রশাসক ও আমি বিথীর বাড়িতে গিয়ে তার সন্তানকে দুই বার দেখে এসেছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com