কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে।
আখতারুজ্জামান বুধবার (৪ নভেম্বর) রাতে বলেন, আমার বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে রাত ৮টার দিকে গচিহাটা বাজারে বুকে ছুরিকাঘাত করা হয়েছে।
স্থানীয়রা জানান, অজ্ঞাত এক লোক রানার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত শাহরিয়ার জামানকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে ঘটনাটি ঘটেছে- তা প্রাথমিকভাবে জানা যায়নি।
জড়িতদের আটক করতে ও ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান ওসি।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, শাহরিয়ার জামানের শরীরের বিভিন্ন স্থানে বড় ধরনের কাটা ক্ষত তৈরি হয়েছে। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও জটিলতা এড়াতে এবং উন্নত চিকিৎসার জন্য তকে ঢাকার উচ্চতর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পিপলসনিউজ/আরইউ