logo

জেল থেকেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা অপরাধী চক্রের

ক্রীড়া ডেস্ক

Published:03 Sep 2026, 11:42 AM

জেল থেকেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা অপরাধী চক্রের

জেল থেকেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা অপরাধী চক্রের

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে অপহরণের ব্যর্থ পরিকল্পনা উন্মোচন করেছে দেশটির সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’। সংঘবদ্ধ এই অপরাধী চক্র এমবাপ্পেসহ মোট ২৬ জনকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। ফুটবলার ছাড়াও তাদের টার্গেটে ছিলেন র‍্যাপ গায়ক ও ধনী ব্যবসায়ী।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ঘটনায় ১৮ বছর বয়সী তরুণ ক্লেমেন্ত এল অভিযুক্ত হয়েছেন। ‘লেস্টার জেড’ ছদ্মনামে একটি অপরাধী চক্র পরিচালনা করেন একাধারে ফ্রান্স ও সুইজারল্যান্ডের এই নাগরিক। সশস্ত্র ডাকাতি ও নারী পাচারের অভিযোগে আগে থেকেই কারাগারে বন্দী ছিলেন ক্লেমেন্ত এল। তার কারাবাসকালেই ফুটবলার, র‍্যাপার ও ধনী ব্যবসায়ীসহ মোট ২৬ জনকে অপহরণের পরিকল্পনার তথ্য বেরিয়ে এসেছে। গত বছর এপ্রিলে ফ্রান্সের নয়ি-সুর-সেইন এলাকায় একটি ঘড়ির দোকানে ডাকাতির সূত্র ধরে ক্লেমেন্ত এলকে চিহ্নিত করা হয়।

তদন্তকারীরা জানতে পেরেছেন, সেন্ট ডেনিসের ভিলপাঁত কারাগারের প্রকোষ্ঠে বসে স্ন্যাপচ্যাটের মাধ্যমে নির্দেশনা দিয়ে চক্রের কার্যক্রম পরিচালনা করছিলেন ক্লেমেন্ত এল। তার দুটি মোবাইল ফোন তল্লাশি করে একটি তালিকা উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে ফুটবলার, র‍্যাপ সংগীতশিল্পী ও অঢেল সম্পদের মালিক ধনী ব্যবসায়ীদের ঠিকানা ও গুরুত্বপূর্ণ তথ্য ছিল। তাদের অপহরণের পরিকল্পনা করেছিল এই চক্র।

ক্লেমেন্ত এলের বিরুদ্ধে মামলার ঘনিষ্ঠ এক সূত্র ‘লা পারিসিয়ান’কে বলেছে, ‘কারারক্ষীরা দুটি ফোন জব্দ করেন। সেগুলোর বার্তা ও তথ্য বিশ্লেষণে চাঞ্চল্যকর সব বিষয় বেরিয়ে এসেছে। সে এক র‍্যাপ সংগীতশিল্পী ও ফুটবলার কিলিয়ান এমবাপ্পের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল।’

বিচার বিভাগীয় একটি সূত্র নিশ্চিত করেছে, তালিকার শীর্ষ নামগুলোর অন্যতম রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এই তালিকায় একজন র‍্যাপ সংগীতশিল্পী ছাড়াও অলংকার ব্যবসায়ী, তুর্কি মাংস ব্যবসায়ী ও এক চীনা কোটিপতি ব্যবসায়ীসহ কয়েকজন ধনী ব্যক্তি রয়েছেন।

নয়ি-সুর-সেইন এলাকার একটি বিলাসবহুল ঘড়ির দোকানে ডাকাতির ঘটনার সূত্র ধরে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। সেখানে ঘড়ি নির্মাতার ওপর হামলায় অভিযুক্ত দুজন ব্যক্তির একজন হিসেবে ক্লেমেন্ত এলকে আগেই শনাক্ত করা হয় এবং সশস্ত্র ডাকাতির অভিযোগে তাকে আটক করা হয়। পরবর্তী সময়ে তার কাছ থেকে মোবাইল ফোন জব্দের পরই এই অপরাধী চক্র ও তাদের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বড় পরিসরে নতুন তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জিজ্ঞাসাবাদে ক্লেমেন্ত এল নিজেকে এই অপরাধ চক্রের মূল পরিকল্পনাকারী হিসেবে অস্বীকার করেছেন বলে জানা গেছে। একাকী কারাবাস থেকে তার সাধারণ সেলে স্থানান্তরের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সেখানেই রাখার নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে, ভোকেশনাল রান্নাবিষয়ক প্রশিক্ষণের প্রথম বর্ষে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন এই তরুণ। তবে আবারও পড়াশোনায় ফিরে ক্লেমেন্ত এল শেফ বা প্রধান বাবুর্চি হতে চান বলে জানিয়েছেন তদন্তকারীরা।

চলতি মৌসুমে লা লিগায় রিয়ালের হয়ে ৩ ম্যাচে ৪ গোল করেছেন এমবাপ্পে। এর মধ্যে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২২ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকও করেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। সর্বশেষ বিশ্বকাপে ফ্রান্সকে সেমিফাইনালে তোলেন সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জেতা এমবাপ্পে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com