নিখোঁজের এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে মরদেহটি উদ্ধার করা হয়। তার নাম কে এম তাহসিফ সাউরি (২৮)। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
তিনি বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ পুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে বলে উল্লেখ করেন নৌ পুলিশের কর্মকর্তা ফিরোজ উদ্দিন। তিনি বলেন, তাহসিফ সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার তিনি নিখোঁজ হন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল।
উত্তরখান থানার এসআই অনুপম দাস বলেন, লাশ ভেসে ওঠার পর থানা পুলিশ সেখানে যায়। এলাকাটি আমাদের থানার শেষ সীমান্তে পড়েছে। বিষয়টি নৌ পুলিশের হওয়ায় তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নৌ পুলিশের তাৎক্ষণিক প্রতিবেদনে বলা হয়েছে, লাশের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। হাতে ঘড়ি ও পকেটে আইফোন পাওয়া যায়। মুখে হালকা দাড়ি ছিল। তার কাছে পাওয়া ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের যে ভিডিওটি ছড়িয়ে পড়ে, সেটি তাহসিফ সুরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।
গত বছরের ৪ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফকে প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে, অন্য প্রেক্ষাপটে ও কোনো অভিযোগ ছাড়াই অবসর দেওয়া হয়।
পিপলসনিউজ/আরইউ