আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহের প্রমাণ মিলেছে টিকিট বিক্রিতেও। ৬ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটির সব টিকিট বিক্রি হয়ে গেছে দুই ঘণ্টারও কম সময়ে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। রাত ৮টার আগেই সব টিকিট শেষ হয়ে যায়। বিপুলসংখ্যক সমর্থক একসঙ্গে টিকিটের জন্য চেষ্টা করায় বিক্রির প্ল্যাটফর্মে দীর্ঘ ভার্চুয়াল সারিও তৈরি হয়।
বেনিনের বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। ৩৯ বছর বয়সী এই তারকা প্রায় ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন। বিশ্বকাপ, দুই কোপা আমেরিকা ও অলিম্পিকের সোনার পদকসহ জাতীয় দলের হয়ে তার অর্জনের তালিকাও দীর্ঘ।
মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষে বিশেষ আয়োজনও থাকছে। তার দীর্ঘদিনের স্পনসর অ্যাডিডাস ইতোমধ্যে বিশেষ সংস্করণের জার্সি প্রকাশ করেছে, যেখানে মেসির নাম ও নম্বরে সোনালি রঙের নকশা রাখা হয়েছে।
জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মেসির। ফলে ৬ অক্টোবরের রাতটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।
পিপলসনিউজ/আরইউ