আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ সহায়তা পেতে বাংলাদেশকে কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কয়েকটি বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো যাবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। ঋণের ক্ষেত্রে শর্ত থাকবে এবং সেগুলো পূরণ করতে হবে। তবে কিছু বিষয়ে দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো হবে।
তিনি বলেন, নতুন কর্মসূচির আওতায় কী ধরনের শর্ত থাকবে এবং সেগুলো কীভাবে পূরণ করা হবে, তা নিয়ে আরও আলোচনা প্রয়োজন।
অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং খাত, কর-জিডিপি অনুপাত, ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশেরও সম্মতি রয়েছে। এরই মধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে, বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
সংস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফের প্রশ্ন রয়েছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশেরও কিছু পর্যবেক্ষণ রয়েছে। ব্যাংকিং খাত ও কর-জিডিপি অনুপাত নিয়ে আইএমএফের পর্যবেক্ষণের সঙ্গে বাংলাদেশ একমত। এসব বিষয়ে ইতোমধ্যে অনেক অগ্রগতি হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের নীতি ও কৌশল বিশ্বাসযোগ্য বলেই উন্নয়ন সহযোগীরা পাশে রয়েছে। আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশের অগ্রগতি নিয়েও বিশ্বব্যাংক ও আইএমএফের ইতিবাচক পর্যবেক্ষণ রয়েছে।
পিপলসনিউজ/আরইউ