logo

নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তিই বড় চ্যালেঞ্জ

তুরস্কের আনতালিয়া থেকে সোহেলী চৌধুরী

Published:12 Nov 2026, 03:34 PM

নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তিই বড় চ্যালেঞ্জ

নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তিই বড় চ্যালেঞ্জ

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিশ্ব গড়ার লক্ষ্যে তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এ নতুন করে গুরুত্ব পাচ্ছে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি। সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, পরিবহন ও সামুদ্রিক জাহাজে বিদ্যুতায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার—সব ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তির প্রাপ্যতা।

উন্নয়নশীল দেশগুলোর জন্য এ চ্যালেঞ্জ আরও বেশি। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং জ্বালানি ব্যবস্থার রূপান্তরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে পর্যাপ্ত অর্থায়ন ও সহজ শর্তে। নতুন করে ঋণের বোঝা বাড়িয়ে সবুজ জ্বালানিতে রূপান্তরের লক্ষ্য অর্জন সম্ভব নয়। বিশেষ করে যেসব দেশের নিজস্ব অর্থায়নের সক্ষমতা সীমিত, তাদের জন্য অনুদান, সহজ শর্তের ঋণ এবং কার্যকর প্রযুক্তি হস্তান্তর জরুরি। ফলে উন্নত দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর নির্ভর করছে অনেক উন্নয়নশীল দেশের জ্বালানি রূপান্তরের অগ্রগতি।

কপ-৩১ প্রেসিডেন্সির অ্যাকশন এজেন্ডায় বৈশ্বিক বিদ্যুতায়নের জন্য ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণের লক্ষ্য সামনে আনা হয়েছে। বর্তমানে এ হার ২০ শতাংশের কিছু বেশি। ভবন, শিল্প ও পরিবহনসহ বিভিন্ন খাতে সরাসরি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বিদ্যুতের ব্যবহার বাড়ানোই এ উদ্যোগের উদ্দেশ্য। তবে বিদ্যুতায়নের পাশাপাশি সেই বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন এবং বিদ্যুৎ সঞ্চালন ও সংরক্ষণের অবকাঠামো গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে বিদ্যুৎ গ্রিড, ব্যাটারি সংরক্ষণব্যবস্থা ও আধুনিক প্রযুক্তিতে বড় বিনিয়োগ প্রয়োজন।

পরিবহন খাতেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রায় ১৫ শতাংশের জন্য দায়ী এ খাত। সড়ক, নৌ ও আকাশপথে পরিবহনের জ্বালানি ব্যবস্থায় পরিবর্তন আনতে না পারলে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য অর্জন কঠিন হবে।

এ লক্ষ্যে কপ-৩১-এ ‘Maritime Electrification Breakthrough Goal’ ঘোষণা করা হয়েছে। এর আওতায় ২০৩৫ সালের মধ্যে আন্তর্জাতিক সামুদ্রিক পরিবহন খাতের চূড়ান্ত জ্বালানি চাহিদার অন্তত ২০ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

উদ্যোগটি ঘোষণা করেছে Environmental Defense Fund (EDF) এবং Rocky Mountain Institute (RMI)। আর এতে ৩০টির বেশি সামুদ্রিক সংস্থা সমর্থন জানিয়েছে। জাহাজ, বন্দর, টার্মিনাল, পণ্য ওঠানো-নামানোর যন্ত্রপাতি এবং সংশ্লিষ্ট অবকাঠামোতে বিদ্যুতের ব্যবহার বাড়াতে সমন্বিত বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বন্দরে জাহাজকে সরাসরি বিদ্যুৎ সরবরাহ, স্বল্প দূরত্বের নৌযানে বিদ্যুতের ব্যবহার এবং বন্দরের যন্ত্রপাতি বিদ্যুতায়নের সুযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে ‘Global Rooftop Solar Declaration’ নতুন সম্ভাবনা তৈরি করেছে। গ্লোবাল সোলার কাউন্সিলের উদ্যোগে নেওয়া এ ঘোষণায় ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ৩০ কোটি পরিবারকে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের আওতায় আনার লক্ষ্য রয়েছে। বাংলাদেশ, কেনিয়া, নাইজেরিয়া, পালাউ ও ভানুয়াতু ১০ নভেম্বর এ ঘোষণায় সমর্থন জানিয়েছে। এর আগে অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে এতে সমর্থন দেয়। ঘোষণাটি স্বেচ্ছামূলক হওয়ায় লক্ষ্য বাস্তবায়নে দেশগুলোর নিজস্ব নীতি, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের পক্ষ থেকে ২০৩০ সালের মধ্যে ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্যের কথা জানানো হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রায় ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের একটি পরিকল্পিত রূপরেখা তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে অর্থায়নের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, মোট বিনিয়োগের ২০ শতাংশ আসবে দেশীয় উৎস থেকে এবং বাকি ৮০ শতাংশ প্রয়োজন হবে আন্তর্জাতিক সহযোগিতা থেকে। অর্থাৎ প্রায় ১ লাখ ৭৪ হাজার ছাদের সৌরবিদ্যুৎ স্থাপনে দেশীয় অর্থায়ন এবং বাকি ৬ লাখ ৯৬ হাজার ছাদের জন্য আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজন হবে।

বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ আন্তর্জাতিক অংশীদারদের সাশ্রয়ী অর্থায়ন, উন্নত প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এ উদ্যোগ থেকে স্পষ্ট, শুধু সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্য নির্ধারণ করলেই হবে না; বিপুলসংখ্যক ছাদে প্যানেল স্থাপন, প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি বা উৎপাদন, বিদ্যুৎ সংযোগ এবং সংরক্ষণব্যবস্থা গড়ে তুলতেও দীর্ঘমেয়াদি অর্থায়ন প্রয়োজন।

শুধু জ্বালানি উৎপাদন নয়, বর্জ্য ব্যবস্থাপনাকেও জলবায়ু পরিবর্তন মোকাবিলার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে আন্তর্জাতিক সম্প্রদায়। বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, পুনর্ব্যবহার এবং সার্কুলার অর্থনীতির প্রসারে আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে কপ-৩১-এ আলোচনা হচ্ছে। তুরস্কের কপ-৩১ প্রেসিডেন্সি ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বর্জ্য বৃদ্ধির হার অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যও সামনে এনেছে। তবে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে পরিবেশগত মানদণ্ড, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং দূষণ নিয়ন্ত্রণ নিশ্চিত করাও জরুরি।

এ ধরনের প্রকল্প বাস্তবায়নে উন্নত বর্জ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, আধুনিক অবকাঠামো এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। উন্নয়নশীল দেশগুলোর অনেকের পক্ষেই নিজস্ব অর্থায়নে এসব প্রযুক্তি ও অবকাঠামো গড়ে তোলা কঠিন। ফলে প্রযুক্তি হস্তান্তর এবং সহজ শর্তে আন্তর্জাতিক অর্থায়ন এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট উদ্যোগগুলোর লক্ষ্য ও বাস্তবায়ন কাঠামো বিশ্লেষণে দেখা যায়, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর কেবল প্রযুক্তিগত পরিবর্তনের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে অর্থনৈতিক সক্ষমতা, অবকাঠামো, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতা। উন্নত দেশগুলোর কাছ থেকে পর্যাপ্ত অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত না হলে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে এসব উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে। তাই জলবায়ু সম্মেলনের আলোচনায় এখন বড় প্রশ্ন—সবুজ জ্বালানিতে রূপান্তরের প্রতিশ্রুতির পাশাপাশি প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তি কতটা সহজে উন্নয়নশীল দেশগুলোর কাছে পৌঁছাবে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com