logo

নারায়ণগঞ্জে কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬, গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Published:25 Nov 2026, 12:25 PM

নারায়ণগঞ্জে কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬, গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জে কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬, গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দৌড়ে পালাতে গেলে পুলিশের গুলিতে আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতভর পুলিশ ও এসআরবির অভিযানে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ছাড়া, এসআরবির পৃথক আরেকটি দল আদর ও আজাদ নামে আরও দুʼজনকে গ্রেপ্তার করেছে। 

বুধবার (২৫ নভেম্বর) সকালে অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান বলেন, আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশেপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ হত্যা ছাড়াও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে বলে জানিয়ে এ বিষয়ে পরে ব্রিফিং-এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, রিয়াজ ওরফে ডেভিডকে গ্রেপ্তারের পর তার আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালাতে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ গুলি করলে তার পায়ে লাগে।

এর আগে রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে তথ্য সংগ্রহ গেলে হামলার শিকার হন দুই পুলিশ সদস্য। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওতিনিন মোল্লার ছেলে আনোয়ার সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে থাকা এক এএসআই ও কনস্টেবলের উপর হামলা চালায় ওই এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা। এ সময় এএসআই সাত্তার দৌড়ে পালিয়ে গেলেও ছুরিকাঘাতে নিহত হন কনস্টেবল আনোয়ার।

পরদিন ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা আট থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা ও সরকারি কাজে বাধার অভিযোগে এ মামলা করেন।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com