logo

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Published:10 Nov 2026, 11:18 AM

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসার লাইব্রেরি ও অফিসকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩ ছাত্রকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

তাদের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। 

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় এ আগুন লাগে।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বলেন, আহত শিক্ষার্থীদের চারজনের অবস্থা গুরুতর। এর মধ্যে একজন লাইফ সাপোর্টে আছে।

এর মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন— ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

সুলতান মাহমুদ শিকদার আরও বলেন, কোনো শিক্ষার্থীর শরীরে পোড়ার কোনো চিহ্ন নেই। প্রত্যেকেরই শ্বাসনালির সমস্যা হয়েছে। ধোঁয়ায় এ অবস্থা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, তা নয়। আমরা কয়েকজনকে ছেড়ে দেওয়ার কথাও ভাবছি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই মাদ্রাসার আগুনের সূত্রপাত হতে পারে।

কাঁচপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা জানান, মাদ্রাসা ভবনের দোতলায় লাইব্রেরি ছিল। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে। 

কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। এতে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় থাকা কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।

আগুনের সূত্রপাত সম্পর্কে পার্থ হালদার বলেন, তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com