চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করে আইনি বিপাকে পড়লেন বলিউডের জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, বিমান সংস্থার মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে আহমেদাবাদের গান্ধীনগর আদালতে নোরার বিরুদ্ধে তিন কোটি টাকার সিভিল মানহানির মামলা দায়ের করেছে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’।
ঘটনাটি ঘটেছিল গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে উঠার সময় নোরা ফাতেহি কিছু ভিডিও ধারণ করেন।
পরে সেই ভিডিও তার প্রায় চার কোটি ৭০ লাখ অনুসারী থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। সেখানে তিনি বিমানটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন।
বিমান সংস্থাটির দাবি, নোরা ফাতেহির এই দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন মন্তব্যের কারণে বাজারে তাদের বাণিজ্যিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায়িক ক্ষতি হয়েছে।
সংস্থাটি জানায়, বিমানটি তার শ্রেণির একটি মানসম্মত উড়োজাহাজ। এই ঘটনার কারণে এপ্রিলে গান্ধীনগরের একটি আদালতে মামলাটি করা হয়, যার শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর।
‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো হিট গানের মাধ্যমে জনপ্রিয় পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের অশালীন কথার কারণেও সমালোচনার মুখে পড়েছিলেন।
যদিও পরে ভাষা বুঝতে না পারার ব্যাখ্যা দিয়ে সেই বিতর্ক মেটানোর চেষ্টা করেন অভিনেত্রী।
পিপলসনিউজ/আরইউ