পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও আছেন।
উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে জিও নিউজ জানিয়েছে, থরপারকার জেলার পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভ (পিপিএইচআই) এর ওই অ্যাম্বুলেন্সটির কর্মীরা অক্সিজেন সিলিন্ডার পাল্টানোর সময় একটি বিস্ফোরণ ঘটে, এতে গাড়িটিতে আগুন ধরে যায়। কী কারণে এ বিস্ফোরণ ঘটেছে তা পরিষ্কার হয়নি।
থারপারকার সহকারী কমিশনার ইরুম করিম নারেজো জানান, এ বিস্ফোরণের সময় অ্যাম্বুলেন্সটি ওই স্বাস্থ্য কেন্দ্রে পার্ক করা ছিল।
স্বাস্থ্য কেন্দ্রের প্রশাসন জানিয়েছে, অক্সিজেন সিলিন্ডার পাল্টানোর সময় ভেতরে একজন গর্ভবতী নারী ছিলেন। তিনি ও তার সঙ্গে থাকা দুইজন মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে পিপিএইচআইয়ের একজন ওষুধ বন্টনকারী, অ্যাম্বুলেন্সটির চালক, একজন দারোয়ান ও আরেকজন কর্মীও নিহত হয়েছেন। আর জেলা শহর মিথির হাসপাতালে নিয়ে যাওয়ার পর আহত একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ওই গর্ভবতী নারীর সঙ্গে আসা এক নারী ও আরও দুইজন ধাত্রী আহত হয়েছেন।
আহতদের জেলা শহর মিথির সরকারি হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের করাচি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিন্ধু প্রদেশের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় থরপারকার থর মরুভূমি সংলগ্ন একটি উর্বর মরুভূমি অঞ্চল। থর মরুভূমি পার করে যে অঞ্চল সেটিই থরপারকার। পাকিস্তানের সবচেয়ে বড় জেলাগুলোর অন্যতম থরপারকারের বিশাল অংশজুড়ে মরুভূমিটি বিস্তৃত।