তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেদিন বেলা সাড়ে ১১টায় শ্রম ভবনে অনুষ্ঠেয় সভায় বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভাপতিত্ব করবেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজের সই করা নোটিসে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর আগে সোমবার সকালে সেদিনের বৈঠক অনিবার্য কারণে স্থগিত হওয়ার কথা জানানো হয়েছিল। এ বৈঠকে মালিকপক্ষের মজুরি কাঠামোর প্রস্তাব করার কথা ছিল।
এ সভা স্থগিতের পেছনে সরকার ও মালিকপক্ষের কূটকৌশল রয়েছে বলে অভিযোগ করছেন শ্রমিক নেতারা।
তবে মালিকপক্ষ বলছে, নিম্নতম মজুরি ঘোষণার ব্যাপারে তারাও আন্তরিক। শিগগিরই তারা স্থগিত হওয়া বৈঠকে বসে নিম্নতম মজুরির প্রস্তাব দিতে চান।
গত ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ।
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। তারপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।
তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।
চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।
তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে; যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে।
পিপলসনিউজ/আরইউ