logo

ফুটবলের মেসি এবার হচ্ছেন ডক্টর লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক

Published:01 Oct 2026, 12:48 PM

ফুটবলের মেসি এবার হচ্ছেন ডক্টর লিওনেল মেসি

ফুটবলের মেসি এবার হচ্ছেন ডক্টর লিওনেল মেসি

ফুটবলে প্রায় সবকিছুই জিতেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা থেকে ব্যক্তিগত অসংখ্য পুরস্কার। ট্রফির সংগ্রহে তার নতুন করে আর কীইবা যোগ হওয়ার আছে! 

এবার অবশ্য যোগ হতে যাচ্ছে একেবারেই ভিন্ন ধরনের একটি স্বীকৃতি। এবার সত্যিই ‘ডক্টর’ উপাধি পেতে যাচ্ছেন আর্জেন্টিনার কিংবদন্তি।

বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় মেসিকে দিচ্ছে ‘ডক্টর অনোরিস কাউসা’, যা বিশ্ববিদ্যালয়টির দেওয়া সর্বোচ্চ সম্মানসূচক মর্যাদা। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। মেসির উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তার দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবেই দেওয়া হচ্ছে এই সম্মাননা।

আগামী ৬ অক্টোবর ৩৯ বছর বয়সী মেসির হাতে তুলে দেওয়া হবে সম্মানসূচক ডক্টরেট। দিনটি এমনিতেই তার ক্যারিয়ারের অন্যতম আবেগঘন দিন হতে যাচ্ছে। কারণ, ওই দিনই কয়েক ঘণ্টা পর আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন তিনি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে বিশেষভাবে আয়োজন করা বিদায়ী ম্যাচটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে মেসির শেষ উপস্থিতি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসিকে তার প্রাপ্য বিদায় দেওয়ার লক্ষ্যেই ম্যাচটি আয়োজন করা হয়েছে। সব ঠিক থাকলে দেশের হয়ে ২০৮তম এবং শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী।

আর্জেন্টিনার জার্সিতে মেসির পথচলায় এসেছে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমার শিরোপা। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টাইনদের পাশাপাশি বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে অসংখ্য স্মৃতি উপহার দিয়েছেন তিনি।

তবে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের দেওয়া এই সম্মাননা শুধু তার মাঠের সাফল্য কিংবা ট্রফির হিসাবের জন্য নয়। বিশ্ববিদ্যালয়টির প্রধান রিকার্দো গেলপি মেসিকে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন উদাহরণ এবং দূত হিসেবে উল্লেখ করেছেন। তার বিনয় ও দীর্ঘ পথ পেরিয়ে আসার অধ্যবসায়কেও বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে শেষবার মাঠে নামার আগেই লিওসেল মেসি হয়ে যাবেন ‘ডক্টর’ মেসি।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com