logo

বছরে দেশে বেকার বেড়েছে সোয়া তিন লাখ

নিজস্ব প্রতিবেদক

Published:19 May 2025, 09:45 PM

বছরে দেশে বেকার বেড়েছে সোয়া তিন লাখ

বছরে দেশে বেকার বেড়েছে সোয়া তিন লাখ

দেশে বেকারত্বের হার বাড়ছে। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক— অক্টোবর থেকে ডিসেম্বর সময়কালে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক ৬৩ শতাংশে। নতুন এই হিসাবে দেশে বর্তমানে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৩০ হাজার। রবিবার (১৮ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ’-এ এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের একই প্রান্তিকে ১৯তম আইসিএলএস (International Conference of Labour Statisticians) মানদণ্ডে বেকারত্বের হার ছিল তিন দশমিক ৯৫ শতাংশ। সেই তুলনায় এ বছর বেকারত্ব বেড়েছে শূন্য দশমিক ৬৮ শতাংশ। এই সময়ের মধ্যে নতুন বেকারের সংখ্যা বেড়েছে প্রায় তিন লাখ।

বিকল্প একটি পরিমাপ অনুযায়ী— যেটি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ১৩তম গাইডলাইনের ভিত্তিতে করা হয়— দেশে বেকারত্বের হার তিন দশমিক ৬৯ শতাংশ, যেখানে গত বছরের একই সময়ে এই হার ছিল তিন দশমিক ২০ শতাংশ। এই হিসাব অনুযায়ী, বর্তমানে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২৬ লাখ ১০ হাজার, আগের বছর যা ছিল ২৩ লাখ ৫০ হাজার।

অর্থনীতিবিদদের মতে, দেশে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, এবং কাঙ্ক্ষিত হারে নতুন কর্মসংস্থান না হওয়াই বেকারত্ব বৃদ্ধির পেছনে মূল কারণ।

তারা বলছেন, উৎপাদন খাতের জড়তা এবং বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় শ্রমবাজারে নতুন কর্মী প্রবেশের হার বেড়েছে, কিন্তু চাহিদার অনুপাতে চাকরি নেই। ফলে বেকারের সংখ্যা বাড়ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বিগত সাত দিনের মধ্যে এক ঘণ্টার জন্যও কোনো বেতনভিত্তিক বা লাভজনক কাজ না করে থাকেন এবং কাজ খুঁজে থাকেন— তবে তাকে ‘বেকার’ হিসেবে বিবেচনা করা হয়। যারা পারিবারিক প্রয়োজনে শুধু নিজেদের খরচের জন্য কিছু উৎপাদনমূলক কাজ করেন, তাদেরও কখনও ‘কর্মজীবী’ হিসেবে বিবেচনা করা হয়।

বিশ্বের বেশিরভাগ দেশ বর্তমানে বেকারত্বের পরিমাপে আইএলওর ১৯তম গাইডলাইন অনুসরণ করে। বাংলাদেশও সমালোচনার পর সাম্প্রতিক জরিপগুলোতে উভয় মানদণ্ডের ভিত্তিতে তথ্য প্রকাশ করছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com