বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বর্তমান সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়াদের একজন। সম্প্রতি শারীরিক পরিবর্তন নিয়ে তিনি কটাক্ষের শিকার হয়েছেন। ইন্ডাস্ট্রির অনেকেই আবার মুখ খুলেছেন তার পক্ষে।
গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। মাতৃত্বকালীন এই সময়ে তিনি নিজেকে অভিনয়ের বাইরে রেখে সন্তান ও পরিবারের দেখভালেই বেশি ব্যস্ত রেখেছিলেন। সেই বিরতি কাটিয়ে প্রথমবার প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ ও বডিশেমিংয়ের মুখোমুখি হন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি ভিডিও সামনে আসার পর থেকে শুরু হয়েছে আলোচনা। স্বামী ভিকি কৌশলের সঙ্গে পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সাদা সালোয়ার-কামিজ পরা বেশ কিছু ভিডিও এবং ছবি সামনে আসার পর থেকেই নেটিজেনদের একাংশ নানারকম মন্তব্য করতে শুরু করেন। ‘ক্যাটরিনার এ কী হলো?’, ‘বুড়ি হয়ে গেছেন অভিনেত্রী?’- এমনভাবেই কটাক্ষ করা হয়েছে তাকে। আর যা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। তবে সোশ্যাল মিডিয়ার অন্য অংশ নায়িকার পাশে দাঁড়িয়েছেন।
ইন্ডাস্ট্রিরও অনেকেই তার পক্ষ নিয়েছেন। অভিনেত্রী শিবালিকা ওবেরয় ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে ট্রলারদের উদ্দেশে বলেন, ‘কী হয়ে গেল মানে? মাতৃত্ব এমনই হয়। সন্তান জন্মের পর শরীরের পুনর্গঠন বা ‘পোস্টপার্টাম রিকভারি’ দেখতে ঠিক এমনই লাগে।’
তবে এ ব্যাপারে এখনো মুখ খোলেননি ক্যাটরিনা কাইফ।
প্রসঙ্গত, ২০২৪ সালে মুক্তি পেয়েছিল ক্যাটরিনা কাইফ অভিনীত শেষ সিনেমা ‘ক্রিসমাস’। তার পরের বছর মা হন অভিনেত্রী। তারপর থেকেই অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন। চলতি বছর কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি।
পিপলসনিউজ/আরইউ