logo

বাবার খোঁজ পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা

বিনোদন ডেস্ক

Published:10 Nov 2026, 01:08 PM

বাবার খোঁজ পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা

বাবার খোঁজ পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা

বাবার খোঁজ পাচ্ছেন না চিত্রনায়িকা মেঘলা মুক্তা। সোমবার (৯ নভেম্বর) রাত আটটার দিকে রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তার বাবা। রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে শেষবার কথা হয় তার। এর পর থেকে মোবাইল ফোন বন্ধ। 

রাতভর বিভিন্ন জায়গায় খুঁজেও বাবার সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়েছেন এই অভিনেত্রী। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মেঘলা জানিয়েছেন, এখনো তার বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি।

তিনি জানান, উত্তরখানে তাদের একটি জায়গায় নির্মাণকাজ চলছে। সেই কাজ তদারকি করতে তার বাবা প্রতিদিন সেখানে যান। সোমবারও গিয়েছিলেন। কাজ শেষে রাত আটটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসার উদ্দেশে রওনা হন। রাত ৮টা ৫০ মিনিটে বাবার সঙ্গে শেষবার কথা হয় মেঘলার। এর পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

মেঘলা বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, বাবার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। সে জন্য হয়তো ফোন বন্ধ। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও বাবা বাসায় না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। সারা রাত উত্তরখান থেকে বসুন্ধরা আসার রাস্তার দুই পাশে খুঁজেছি। কোথাও পাইনি।’

বাবার শারীরিক অবস্থা নিয়েও উদ্বিগ্ন মেঘলা। তিনি জানান, তার বাবা বেশ অসুস্থ। এমন অবস্থায় দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সবাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। বাবার সন্ধানে উত্তরার আশপাশের সব হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতালেও খোঁজ নিয়েছেন তারা। এ ঘটনায় উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এর আগে আজ রাত ৩টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সঙ্গে তোলা তিনটি ছবি প্রকাশ করে একটি পোস্ট দেন মেঘলা মুক্তা। পোস্টের শুরুতেই তিনি লেখেন, ‘জরুরি ভিত্তিতে আমার বাবাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছি।’

বাবার অসুস্থতার কথা উল্লেখ করে মেঘলা লেখেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আমার বাবা ভীষণ অসুস্থ। তার শারীরিক অবস্থা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত।’

পোস্টে বাবার সর্বশেষ অবস্থান ও যোগাযোগের সময় উল্লেখ করেন অভিনেত্রী। জানান, থানায় জিডি করার পাশাপাশি বিভিন্ন জায়গায় বাবার ছবি প্রচার করা হয়েছে। 

সবার সহযোগিতা চেয়ে মেঘলা গণমাধ্যমকে বলেন, ‘কেউ যদি আমার বাবাকে কোথাও দেখে থাকেন, তার সন্ধান পেয়ে থাকেন কিংবা তার সম্পর্কে সামান্য কোনো তথ্যও জেনে থাকেন, দয়া করে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন।’

ফেসবুক পোস্টের শেষেও বাবার নিরাপদে ফিরে আসার প্রার্থনা জানিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘আল্লাহ যেন আমার বাবাকে সুস্থ ও নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।’

গত ২৮ জুলাই রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন মেঘলা মুক্তা। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সে সময় বেশ কিছুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকতে হয়েছিল তাকে।

২৩ অক্টোবর একটি সাক্ষাৎকারে দুর্ঘটনার পর চিকিৎসা ও আইনি লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেন মেঘলা। সেখানে তিনি জানিয়েছিলেন, দুর্ঘটনাসংক্রান্ত মামলার কার্যক্রম দেখভাল করতে তার বাবাকে বারবার আদালতে যেতে হচ্ছে। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে বাবার এই ছোটাছুটি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

বাংলাদেশের পাশাপাশি ভারতের তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন মেঘলা মুক্তা। তেলেগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু’ দিয়ে আলোচনায় আসেন তিনি। তার অভিনীত বাংলাদেশি সিনেমার মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ও ‘আগুনের পাখি’।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com