বিএনপিতে ফেরার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন দলটি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র এই সংসদ সদস্য জানিয়েছেন, বিএনপিতে ফেরার জন্য তিনি কোনো আবেদন করেননি। বর্তমান অবস্থার জন্য তার শুকরিয়ার শেষ নেই।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিএনপিতে ফেরা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন রুমিন ফারহানা। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করি নাই।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’
ফেসবুকে এই স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, ‘অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করে থাকেন, আমি বিএনপিতে ফিরে যাব কি না, সবার উদ্দেশে আমি এ জবাব দিয়েছি।’
বিএনপির কোনো নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমনটি বলেছেন কি না, জবাবে এই সংসদ সদস্য বলেন, ‘বিষয়টি এমন নয়। সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এমন বলেছি।’
রুমিন ফারহানা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালে সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষে সংসদ সদস্যও হন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন তিনি। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় ৩০ ডিসেম্বর রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের আগে তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
আসনটি বিএনপি শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেয়। প্রার্থী করা হয় জমিয়তে ওলামার মাওলানা জুনায়েদ আল হাবিবকে। নির্বাচনে তাকে হারিয়ে হাঁস প্রতীকে জয় পান রুমিন ফারহানা।
পিপলসনিউজ/আরইউ