বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। সোমবার (২৬ অক্টোবর) রাতে যুক্তরাজ্যের লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বর্ণাঢ্য আয়োজনে ঘোষণা করা হবে এবারের বিজয়ীর নাম। পুরস্কার ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে নানা আলোচনা ও জল্পনা।
ব্যালন ডি’অরকে ঘিরে শেষ মুহূর্তের আলোচনায় হ্যারি কেইন ও লামিনে ইয়ামাল। বুকমেকারদের সাম্প্রতিক বাজির দর অনুযায়ী, এবারের পুরস্কার জয়ের দৌড়ে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার কেইন এগিয়ে। অন্যদিকে, বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা ইয়ামালের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
২০২৫-২৬ মৌসুমে বায়ার্নের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেছেন কেইন। কোনো কোনো বুকমেকারের হিসাবে তার পক্ষে বাজির দর নেমে এসেছে এক দশমিক ৩৫-এ। অন্যদিকে, ইয়ামালের ক্ষেত্রে তা বেড়ে প্রায় ছয় হয়েছে। তবে বাজির দর পুরস্কারের চূড়ান্ত ফল নয়, বিজয়ী নির্ধারিত হবে ভোটের ভিত্তিতে।
সর্বশেষ ২০০১ সালে ইংল্যান্ডের কোনো ফুটবলার ব্যালন ডি’অর জিতেছিলেন। সেবার পুরস্কার পেয়েছিলেন মাইকেল ওয়েন। এবার কেইন জিতলে দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডে ফিরবে এই স্বীকৃতি।
ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনে পুরুষদের বিভাগে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেন। নারীদের বিভাগে শীর্ষ ৫০টি দেশের একজন করে সাংবাদিক ভোট দেওয়ার দায়িত্ব পালন করেন।
ভোটাররা মনোনীত ৩০ জন খেলোয়াড়ের তালিকা থেকে নিজেদের পছন্দের সেরা ১০ জনকে ক্রমানুসারে নির্বাচন করেন। প্রথম স্থানে থাকা খেলোয়াড় পান ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড় পান ১২ পয়েন্ট এবং তৃতীয় স্থানে থাকা খেলোয়াড় পান ১০ পয়েন্ট। পরবর্তী অবস্থানগুলোর জন্যও নির্ধারিত পয়েন্ট রয়েছে। সব ভোট গণনার পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয় ব্যালন ডি’অর।
এবারের প্রতিদ্বন্দ্বিতায় কিলিয়ান এমবাপ্পের মতো তারকার নামও আলোচনায় রয়েছে। তবে সাম্প্রতিক বাজির বাজারে কেইন ও ইয়ামালের তুলনায় অন্য প্রতিদ্বন্দ্বীরা পিছিয়ে আছেন।
পিপলসনিউজ/আরইউ