logo

ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ, ট্রেন-যান চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Published:08 Nov 2026, 11:44 AM

ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ, ট্রেন-যান চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ, ট্রেন-যান চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহালের দাবি ও সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল সোয়া ৭টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ এবং আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক অবরোধ করেন স্থানীয়রা।

ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। অবরোধের কারণে কোড্ডা এলাকায় ভারতে রপ্তানি পণ্যের কয়েকটি ট্রাক আটকা পড়েছে।

স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম— কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল ভেঙে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে ওই বছরের ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসলেও কোনো সুরাহা হয়নি। বরং সম্প্রতি সদর উপজেলার তিনটি ইউনিয়ন— বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ভেঙে আখাউড়া উপজেলায় যুক্ত করা বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব করা হয়। 

আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বাসুদেব ইউনিয়ন বিএনপির একাংশ। সেই অংশের নেতৃত্বে রোববার সকালে রেলপথ ও সড়ক অবরোধ করেন স্থানীয়রা।

স্থানীয়রা বলছেন, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবে নতুন এ ইউনিয়ন গঠিত হয়। তার বাড়ি বরিশল গ্রামে, যেটি আগে বাসুদেব ইউনিয়নের আওতায় ছিল।

বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানীর প্রভাব খাটিয়ে তার ভাই কবীর আহমেদ ভুঁইয়া এসব করছেন৷ বরিশল বিলেরপাড়ের একটি গ্রাম। এই গ্রাম কোনোভাবেই ইউনিয়ন হতে পারে না।

তিনি বলেন, কবীর আহমেদের এসব কর্মকাণ্ডে বিএনপিরও ক্ষতি হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলতে থাকবে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, অবরোধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জানান, অবরোধের কারণে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। এছাড়া কক্সবাজারগামী বিরতিহীন আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনটিও নিরাপত্তাজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। জানমালের কোনো ক্ষতি যাতে না হয়, সে জন্য নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে। 

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com