logo

রেলের জমি দখল, আওয়ামী লীগের সাবেক এমপি রুহেলের বিরুদ্ধে দুদকের মামলা

পিপলসনিউজ ডেস্ক

Published:19 Oct 2026, 11:46 PM

রেলের জমি দখল, আওয়ামী লীগের সাবেক এমপি রুহেলের বিরুদ্ধে দুদকের মামলা

রেলের জমি দখল, আওয়ামী লীগের সাবেক এমপি রুহেলের বিরুদ্ধে দুদকের মামলা

রেলওয়ের জমি অবৈধভাবে দখল এবং সরকারের এক কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ অক্টোবর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ মামলাটি দায়ের করেন একই কার্যালয়ের উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ।

মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪২৭ এবং ৪৪৭ ধারায় অভিযোগ আনা হয়। মামলার একমাত্র আসামি মাহবুব উর রহমান রুহেল বর্তমানে গ্যাসমিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের ছেলে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপপরিচালক রিয়াজ উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রুহেল মিরসরাই উপজেলার পশ্চিম হিঙ্গুলি মৌজায় পরিবেশবান্ধব সিমেন্ট, বালি ও হলোও ব্লক কারখানা স্থাপনের জন্য ২০১৬ সালে বাংলাদেশ রেলওয়ের কাছে ৩ দশমিক ৭৫ একর জমি দীর্ঘমেয়াদি লিজের আবেদন করেন।

কিন্তু লিজ মঞ্জুর হওয়ার আগেই তিনি প্রতারণামূলকভাবে ও অবৈধ উপায়ে সরকারি জমি জবরদখল করে সেখানে সেমিপাকা কারখানা ও দ্বিতল অফিস ভবন নির্মাণ করেন। শুধু তাই নয়, যথাযথ কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ওই জমির অন্তর্ভুক্ত একটি সরকারি পুকুর ভরাট করে ভূমির শ্রেণি পরিবর্তন করেন।

দুদক জানায়, আগে থেকেই একরামুল হক নামে এক ব্যক্তির অনুকূলে বৈধ কৃষি ও মৎস্য চাষের লাইসেন্স বলবৎ ছিল। বৈধ লিজগ্রহীতার জমি লিজের মেয়াদ থাকাকালীন অবস্থাতেই জোরপূর্বক দখল করে নেন সাবেক এই সংসদ সদস্য।

বিনা দরপত্রে বাণিজ্যিক লাইসেন্স দেওয়ার সুযোগ না থাকার পরও ২০১৮ সালের মার্চ মাসে তৎকালীন রেলমন্ত্রী মো. মুজিবুল হকের বিশেষ নির্দেশনায় নীতিমালা শিথিল করে গ্যাসমিন লিমিটেডকে মাত্র শূ্ন্য দশমিক ৭৪ একর (৩২,১৩০ বর্গফুট) জমি সম্পূর্ণ অস্থায়ী ও বাৎসরিক নবায়নের ভিত্তিতে লিজ দেওয়া হয়।

কিন্তু উপজেলা ভূমি অফিসের সরেজমিন তদন্তে উঠে আসে, আসামি মাহবুব উর রহমান লিজ নেওয়া শূন্য দশমিক ৭৪ একর জমির বাইরে অতিরিক্ত আরও ১৫৪ শতক (১ দশমিক ৫৪ একর) রেলভূমি অবৈধভাবে দখল করে নিজের ব্যবসায়িক কাজে ব্যবহার করেন। এভাবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার আশ্রয় নিয়ে সরকারের মোট এক কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা আত্মসাৎ করেছেন।

পিপলসনিউজ/এস.সি

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com