logo

সরানো হল শাহআলী থানার ওসিকে

নিজস্ব প্রতিবেদক

Published:27 Sep 2026, 12:10 PM

সরানো হল শাহআলী থানার ওসিকে

সরানো হল শাহআলী থানার ওসিকে

রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট এবং ভবন মাটিতে মিশিয়ে দেওয়ার ঘটনায় পুলিশের গাফিলতি নিয়ে আলোচনার মধ্যে সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরিয়ে দেওয়া হয়েছে।

ডিএমপি সদরদপ্তরের এক আদেশে শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছিলেন, এ ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি আছে কি না সেটি তারা খতিয়ে দেখছেন।

ঘটনাস্থলের কাছেই থানার অবস্থান হওয়ার পরও এমন ঘটনা কেন ঠেকানো গেল না, জানতে চাইলে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেছিলেন, যেহেতু গভীর রাতের ঘটনা, তো আমরা দেখছি পুলিশ জানার পরেও এখানে সময়মতো এসেছিল কি না এবং পুলিশের পক্ষ থেকে কোন অবহেলা আছে কি-না।

এরমধ্যেই সেখানকার ওসিকে সরিয়ে দেওয়ার খবর এল।

এদিকে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপি বলছে, সেখান থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।

মিরপুর ১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ৫০ বছর ধরে দরিদ্র, অসহায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে বলে প্রতিষ্ঠানটির ভাষ্য।

বৃহস্পতিবার গভীররাতে ভারী যন্ত্রপাতি দিয়ে রাড্ডা এমসিএইচ’র একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’র সাইনবোর্ড টানিয়ে দিয়ে চলে যান।

ভুক্তভোগী সংস্থাটি বলছে, হামলার সময় তাদের অফিসের সামগ্রীসহ টিকাদানের প্রচুর সামগ্রী লুটপাট হয়েছে।

এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা করেন রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০-২৫০ জনকে আসামি করা হয়।  

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com