দেশের বাজারে সোনার দাম আবারো বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে এক হাজার ৬৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।
এর আগের দিন বুধবার এই মানের সোনার দাম ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। ফলে দুই দিনে ২২ ক্যারেট সোনার ভরিতে দাম বেড়েছে তিন হাজার ৮৪৯ টাকা।
এর আগে দুই সপ্তাহে চার দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমানো হয়েছিল।বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশে সোনার নতুন দর কার্যকর হয়েছে। অন্যান্য মানের সোনার দামও বেড়েছে।
বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৯ হাজার ২৬৫ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম দুই লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি এক লাখ ৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি এক লাখ ৫০ হাজার ৫৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
নতুন দর অনুযায়ী, এক দিনের ব্যবধানে ২১ ক্যারেট সোনার ভরিতে দাম বেড়েছে এক হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটে এক হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় এক হাজার ১০৮ টাকা। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৩ অক্টোবর ২২ ক্যারেট সোনার ভরিতে তিন হাজার ২৬৬ টাকা, ২২ অক্টোবর এক হাজার ৬৯১ টাকা, ২৩ অক্টোবর দুই হাজার ১৫৮ টাকা এবং ২৫ অক্টোবর তিন হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল। এই চার দফায় মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমানোর আগে, ৯ অক্টোবর এই মানের সোনার ভরিতে দাম দুই হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল।
এদিকে আন্তর্জাতিক বাজারে রেকর্ড উচ্চতায় ওঠার পর সোনার দাম ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। গত ২৯ জানুয়ারি প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে পাঁচ হাজার ৫১১ ডলার ২৮ সেন্টে উঠেছিল। পরে তা পাঁচ হাজার ৬০০ ডলারের মাইলফলকও অতিক্রম করে।
এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামা দেখা যায়। সাম্প্রতিক কয়েক দিনে দর কমে একপর্যায়ে প্রতি আউন্সের দাম চার হাজার ডলারের নিচে নেমে আসে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লেও বুধবার তা কিছুটা কমে। বৃহস্পতিবারও নিম্নমুখী ধারা অব্যাহত ছিল।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় আন্তর্জাতিক বাজারের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল চার হাজার ২৭ ডলার ৪৯ সেন্ট। আগের দিনের তুলনায় দাম কমেছিল ১১ ডলার ৫৮ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ। বুধবার দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সময় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল চার হাজার ৩২ ডলার পাঁচ সেন্ট।
অন্যদিকে সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। সংগঠনটির নির্ধারিত দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৩০ টাকা। সে হিসাবে প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৮৪৯ টাকা।
পিপলসনিউজ/আরইউ