logo

সোনার দাম ভরিতে কমলো ২৮৫৭ টাকা

নিজস্ব প্রতিবেদক

Published:25 Nov 2026, 11:59 AM

সোনার দাম ভরিতে কমলো ২৮৫৭ টাকা

সোনার দাম ভরিতে কমলো ২৮৫৭ টাকা

টানা দুদিন দেশের বাজারে সোনার দাম বাড়ার পর বুধবার (২৫ নভেম্বর) দাম কমেছে। আজ ২২ ক্যারেট অর্থাৎ ভালো মানের সোনার দাম কমেছে ভরিতে দুই হাজার ৮৫৭ টাকা। আগের দুই দিনে দেশের বাজারে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ চার হাজার ৭২৪ টাকা।

এর আগে টানা কয়েক দফা সোনার দাম কমেছে। ফলে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার দাম কমে ভরিপ্রতি দুই লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন দাম হয় এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। মোট নয় দফায় দেশের বাজারে সোনার দাম কমেছে ভরিপ্রতি সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা। তারপর টানা দুদিন দাম বাড়ে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বুধবার সোনার দাম সমন্বয় করেছে। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।

আজ দাম কমার পর দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে এক লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৮৮ হাজার ২৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম এক লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

আজ দাম কমার আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা ছিল।

দেখা যাচ্ছে, আগের দামের তুলনায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে দুই হাজার ৮৫৭ টাকা ৬৮ পয়সা। ২১ ক্যারেটের কমেছে দুই হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটে দুই হাজার ৩৩২ টাকা ৮০ পয়সা আর পুরোনো সোনার দাম প্রতি ভরিতে কমেছে এক হাজার ৮৬৬ টাকা ২৪ পয়সা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা দুই হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে নয় শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও দাম বহাল থাকবে।

চলতি সপ্তাহের শুরুতে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। তবে মঙ্গলবার থেকে সোনার দাম আবার কমতে শুরু করে। নিউইয়র্কের সময় অনুযায়ী, মঙ্গলবার প্রতি আউন্স সোনার দাম দুই দশমিক ৮০ শতাংশ বা ১০২ ডলার কমেছে। ফলে দাম হয়েছে তিন হাজার ৫৫৫ ডলার। সপ্তাহের শুরুতে দাম বাড়ার আগে বিশ্ববাজারে সোনার দাম টানা কমেছে। ফলে গত শুক্রবার সোনার দাম কমে তিন হাজার ৫০২ দশমিক ৯৩ ডলারে নেমে আসে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের পর এটাই ছিল সর্বনিম্ন দর। গত সপ্তাহে সোনার দাম প্রায় নয় শতাংশ কমেছে, গত আট মাসের মধ্যে যা সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বিশ্লেষকেরা বলছেন, মূলত দুটি কারণে সম্প্রতি বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমেছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে, বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com