চার দফা টিকা দেওয়ার পরেও হাম ও রোগটির উপসর্গ নিয়ে মৃত্যু থামছে না। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে ডেঙ্গুতে তিন জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (২৮ নভেম্বর) অধিদপ্তরের হাম ও ডেঙ্গু বিষয়ক পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
অধিদপ্তর বলেছে, শুক্রবার সকাল ৮টার পর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে যারা মারা গেছে, তাদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহের দুইজন করে রয়েছে।
চলতি বছরের শুরু দিকে হামের প্রাদুর্ভাব ঘটে। মার্চে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সমালোচনা ও বিক্ষোভের মুখে এপ্রিলে জরুরি ভিত্তিতে কিছু এলাকায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করে সরকার। এরপর সিটি করপোরেশনসহ সারাদেশে আরও দুই দফা হামের টিকাদান ক্যাম্পেইন হয়েছে। এরপর বাদ পড়া শিশুদের খুঁজে বের করে মাসব্যাপী টিকাদান শেষ করে অক্টোবরে।
কিন্তু সরকারি হিসাবেই এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট এক হাজার ৩৮৫ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ২৮০ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২৩২, চট্টগ্রামে ১৩২, ময়মনসিংহে ৯৯, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৫ এবং রংপুর বিভাগে ২০ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ৯৬১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৯ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩১৬, চট্টগ্রামে ১৬০, সিলেটে ১০৭, বরিশালে ১১৮, ময়মনসিংহে ৬৭, খুলনায় ৭৬, রাজশাহীতে ৩৬ এবং রংপুরে ২৯ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২৭ হাজার ৩১৪ জন।
বুলেটিনে বলা হয়, চলতি বছর হামের উপসর্গ দেখা গেছে দুই লাখ ৬৩ হাজার ৭৬৯ জনের মধ্যে। তাদের মধ্যে ২৬ হাজার ৬০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯: দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু এবং ৯৪৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ময়মনসিংহ বিভাগে এবং একজন ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৩০ জনের মৃত্যু হলো।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৯৫ জন, চট্টগ্রামে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, ময়মনসিংহে ৩৫ জন, রাজশাহীতে ৫৮ জন, রংপুরে ৩৩ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে দুই জন ভর্তি হয়েছেন।
চলতি বছর এক লাখ ৭৯ হাজার ৭০৮ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৭৪ হাজার ৭১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক লাখ দুই হাজারের মতো।
পিপলসনিউজ/আরইউ