হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘এক্স-মেন’-এর প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রের অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই। ছয় দশকের বেশি সময় ধরে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছে ব্রিটিশ এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বুধবার (২৮ অক্টোবর) নিজের বাড়িতে মারা গেছেন প্যাট্রিক স্টুয়ার্ট। তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয় বৃহস্পতিবার।
বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, প্যাট্রিক স্টুয়ার্ট আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ায় ভুগছিলেন। শেষ সময়ে পাশে ছিলেন স্ত্রী সানি ওজেল, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা।
বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর ‘স্টার ট্রেক’-এর ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয়ের জন্যও খ্যাতি পেয়েছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট।
১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ডে একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন প্যাট্রিক স্টুয়ার্ট। শৈশবেই অভিনয়ের প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরবর্তী জীবনে অভিনয়ে প্রশিক্ষণ নেন। যুক্ত হন ব্রিটেনের খ্যাতনামা রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে।
তার অভিনয়জীবনের বড় একটি অংশ কেটেছে মঞ্চে। এক্স-মেনের কাল্পনিক জগৎ কিংবা ইউএসএস এন্টারপ্রাইজ মহাকাশযানের চেয়ে থিয়েটারের মঞ্চেই বেশি সময় কাটিয়েছেন তিনি।
ক্লডিয়াস থেকে ম্যাকবেথ— শেক্সপিয়রের নানা চরিত্রে অভিনয়ে খ্যাতি কুড়িয়েছেন। একক অভিনয়ে চার্লস ডিকেন্সের ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চস্থ করতেন স্টুয়ার্ট।
অভিনেতা ৪৭ বছর বয়সে ১৯৮৭ সালে শুরু হওয়া ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ ধারাবাহিকে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয়; যা প্রচার হয় ১৯৯৪ সাল পর্যন্ত।
মৌসুমের ধারাবাহিকটি তাকে বিশ্বজোড়া জনপ্রিয়তা এনে দেয়। পরে ‘স্টার ট্রেক’-এর একাধিক সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করেন।
২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রচারিত ‘স্টার ট্রেক: পিকার্ড’ সিরিজেও ফিরে আসেন ওই একই চরিত্রে।
স্টুয়ার্ট সমানভাবে পরিচিত ‘এক্স-মেন’ সিরিজের প্রফেসর চার্লস জেভিয়ার হিসেবে। ২০০০ সালে মুক্তি পাওয়া প্রথম ‘এক্স-মেন’ সিনেমায় এই চরিত্রে অভিনয় করেন তিনি। অতিমানবীয় ক্ষমতাসম্পন্ন মানুষদের নিয়ে গড়ে ওঠা কাহিনীতে তার চরিত্রটি ছিল অন্যতম কেন্দ্রীয় চরিত্র।
অভিনয়জীবনে তিনটি অলিভিয়ে পুরস্কার পেয়েছেন স্টুয়ার্ট। এর মধ্যে একটি পেয়েছিলেন ডেভিড টেন্যান্টের বিপরীতে ‘হ্যামলেট’ নাটকে ক্লডিয়াস চরিত্রে অভিনয়ের জন্য। এ ছাড়া তার ঝুলিতে রয়েছে একটি গ্র্যামি পুরস্কার। ১৯৯৬ সালে ‘পিটার অ্যান্ড দ্য উলফ’ অডিও রেকর্ডিংয়ের জন্য সেরা কথ্য অ্যালবাম বিভাগে এই পুরস্কার পান তিনি।
প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যুতে শোক জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও হলিউডের তারকারা। ‘স্টার ট্রেক’ তারকা উইলিয়াম শ্যাটনার স্মরণ করেছেন অভিনেতার প্রজ্ঞা, সৌজন্য ও মানবিকতার কথা।
‘এক্স-মেন’ সহশিল্পী হিউ জ্যাকম্যান তাকে মঞ্চ ও পর্দার অন্যতম সেরা অভিনয়শিল্পী হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন। মার্ভেল স্টুডিওসও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
পিপলসনিউজ/আরইউ