weather ২৫.৯ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরের শিশুর কামড়ে কোবরা সাপের মৃত্যু

প্রকাশ : ২৯-০৭-২০২৫ ১০:০২

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
সাপের কামড়ে মানুষের মৃত্যু হওয়া স্বাভাবিক। কিন্তু মানুষের কামড়ে যদি সাপের মৃত্যু হয় তবে তা আলোচনার বিষয়। তাও এক বছরের শিশুর কামড়ে যদি কোবরা সাপ মারা যায়— তবে তা নিঃসন্দেহে চমকে যাওয়ার মতো ঘটনা। ঠিক এমনই অদ্ভুত একটি ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারন জেলার একটি গ্রামে।

গ্রামের নাম মোহছি বনকাটোয়া। সেখানকার বাসিন্দা গোবিন্দ নামের এক বছরের একটি শিশু খেলছিল তার বাড়ির পাশে, আর তার মা বাড়ির পেছনে চুলা জ্বালানোর কাঠ গোছাচ্ছিলেন। হঠাৎ একটি সাপ বেরিয়ে আসে। শিশুটি সাপটিকে দেখে ভয় না পেয়ে উল্টো সেটিকে ধরে কামড় দেয়। এতে সাপটির মৃত্যু হয়। গত বৃহস্পতিবারের (২৪ জুলাই) এ ঘটনার ফলে খবরের শিরোনামে চলে এসেছে শিশুটি।

গোবিন্দর নানি মতিসারি দেবী বলেন, আমরা তখনই খেয়াল করি, এটি একটি গেহুঁওন সাপ, যাকে স্থানীয়ভাবে কোবরা বলা হয়। সাপটিকে কামড় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গোবিন্দ অজ্ঞান হয়ে যায়।

পরে তাকে তড়িঘড়ি করে মঞ্ঝোলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বেতিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে সে এখন পুরোপুরি সুস্থ রয়েছে।

শিশুটির চিকিৎসক কুমার সৌরভ জানান, ভর্তির সময় তার মুখের চারপাশ কিছুটা ফুলে গিয়েছিল। পরিবারের লোকজন জানান, সাপের মুখে কামড় দিয়েছিল সে, এমনকি হয়তো সাপের দেহের কিছু অংশ খেয়েও ফেলেছিল।

ডা. সৌরভ আরো বলেন, সাপ মানুষকে কামড়ালে তার বিষ রক্তে মিশে গিয়ে স্নায়ুতন্ত্রে আঘাত হানে, যা মারাত্মক হতে পারে। কিন্তু মানুষ যদি সাপকে কামড়ায়, তাহলে সেই বিষ মুখ হয়ে পেটে গিয়ে হজম হয়ে যায় এবং শরীর সেটিকে নিষ্ক্রিয় করে ফেলে। তবে যদি কারো খাদ্যনালিতে ক্ষত বা আলসার থাকে, তাহলে সেই বিষ রক্তে মিশে বিপজ্জনক হয়ে উঠতে পারে।

এদিকে এ ঘটনা গ্রামবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় সাংবাদিক নেওয়াজ জানান, শ্রাবণ মাসে আমাদের এলাকায় সাপ বের হওয়া খুবই সাধারণ বিষয়; কিন্তু একটি শিশুর হাতে সাপ মারা যাওয়ার ঘটনা এবারই প্রথম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ৮০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার মানুষ সাপের কামড়ে মারা যান। এর মধ্যে শুধু ভারতে মারা যায় প্রায় ৫৮ হাজার মানুষ। এজন্যই ভারতকে বলা হয় ‘সর্প-দংশনের রাজধানী’।

বিহার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বিহারে সাপের কামড়ে মৃত্যু হয়েছে ৯৩৪ জনের। একই সময়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে প্রায় ১৭ হাজার ৮৫৯ জন।

তবে কেন্দ্রীয় সরকারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাস্তবে এই সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ অনেকেই সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারেন না। ভারতে সাপে কাটা মৃত্যুর ৭০ শতাংশই ঘটে বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান এবং গুজরাটে।

তথ্যসূত্র : বিবিসি বাংলা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত