weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা, তুমুল গোলাগুলি

প্রকাশ : ০৬-১২-২০২৫ ২২:২০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে সীমান্তে উভয় পক্ষ ভারী গোলাবর্ষণ করেছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দুই পক্ষের কর্মকর্তারা বলেন, শুক্রবার গভীর রাতে সংঘর্ষের সূত্রপাত হয়। তারা একে অপরের বিরুদ্ধে বিনা উসকানিতে প্রথমে গুলি চালানোর অভিযোগ তুলেছেন।

সাম্প্রতিক সময় এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। গত কয়েক মাসে সীমান্তে একাধিকবার সংঘাতে জড়িয়েছে তারা।

গত অক্টোবরে প্রাণঘাতী সংঘাতের পর দুই দেশ একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হলেও সীমান্তে মাঝেমধ্যেই গোলাগুলির ঘটনা ঘটছে।

শুক্রবার রাতের সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক জেলা লক্ষ করে হামলা চালায়। এরপর আফগান বাহিনী পাল্টা জবাব দেয়। তিনি এ বিষয়ে বিস্তারিত আর তথ্য দেননি।

জাবিউল্লাহ মুজাহিদের ওই পোস্টের পর শনিবার (৬ ডিসেম্বর) ভোরে পাকিস্তানও সংঘর্ষ নিয়ে মুখ খোলে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একজন মুখপাত্র বলেন, আফগান বাহিনীই চামান সীমান্তে বিনা উসকানিতে প্রথম গুলিবর্ষণ করেছে।

এক বিবৃতিতে মুখপাত্র মোশাররফ জাইদি আরো বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক, উপযুক্ত ও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।’ তিনি বলেন, পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সীমান্তে আফগান অংশের বাসিন্দারা এএফপিকে বলেন, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে গোলাগুলি শুরু হয় এবং প্রায় দুই ঘণ্টা ধরে চলে।

কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হকমাল এএফপিকে বলেন, পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী আর্টিলারি ব্যবহার করে আক্রমণ চালায়। মর্টারের গোলা সাধারণ মানুষের বাড়িতে আঘাত হেনেছে। তবে সংঘাত শেষ হয়েছে। উভয় পক্ষ গোলাগুলি বন্ধ করতে রাজি হয়েছে বলে জানান তিনি।

সীমান্তে পাকিস্তানের অংশে এএফপির চামান প্রতিনিধি গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা দখল করার পর আফগানিস্তান ও পাকিস্তান দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে এ দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো নিয়েই মূলত দ্বন্দ্ব হচ্ছে।

ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী, বিশেষ করে পাকিস্তান তেহরিক-ই-তালেবানকে (টিটিপি) আশ্রয় দেওয়ার অভিযোগ করছে। টিটিপি প্রায়ই পাকিস্তানে হামলা চালায়। আফিগান সরকার অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

দুই দেশের মধ্যে গত অক্টোবরের সংঘাতে ৭০ জনের বেশি নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়; কিন্তু দোহা ও ইস্তাম্বুলে কয়েক দফা আলোচনার পরও কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

গত মাসে কাবুল পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত এলাকায় বিমান হামলা চালানোর অভিযোগ করে। কাবুল বলেছে, ওই হামলায় ১০ জন নিহত হয়েছেন, যাদের নয়টিই শিশু। ইসলামাবাদ ওই অভিযোগ অস্বীকার করেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত