weather ২৯.২৬ o সে. আদ্রতা ৮২% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

প্রকাশ : ০৭-০১-২০২৬ ২৩:১০

ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার জেরে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় এবং কূটনৈতিক উভয় সম্পর্কে টানাপোড়ন চলছে। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানেই থাকছে। অবশ্য দুই ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজ জানায়, আইসিসি জানিয়েছে ভারতেই খেলতে যেতে হবে বাংলাদেশকে। না হয় পয়েন্ট কাটা যাবে। অবশ্য বিসিবি এ খবর নাকচ করেছে এবং অসত্য বলছে।  

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বুধবার (৭ জানুয়ারি) ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশের অনড় সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ক্রিকেটার ও বাংলাদেশে নিরাপত্তা-দুটো বিষয়ের কোনোটিতেই আপস করা হবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশের টিম যাবে কি না এ বিষয়ে পরামর্শ করতে বুধবার সচিবালয়ে আসিফ নজরুলের সঙ্গে দেখা করতে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা।

বাংলাদেশের অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করে আসিফ নজরুল বলেন, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই। এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো হৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ কওে দেবে।

সব কিছুর সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে। কিছুদিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে খবর উঠে আসছিল, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস নানা ঘটনার পর ভারতে ক্ষোভ দানা বাঁধছে। মুস্তাফিজের আইপিলে খেলতে দেওয়া নিয়েও নানা বিতর্ক চলছিল।

এসবের জের ধরে গত শনিবার ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, বাংলাদেশের পেসারকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছেন তারা। এর পরপরই কলকাতা দল খেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া পেসারকে তারা ছেড়ে দিয়েছে।

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বাংলাদেশে। শনিবার রাতেই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে পোস্টে বলেন, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া তিনি নিরাপদ মনে করছেন না। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেন ওই পোস্টে।

এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে সোমবার নির্দেশ আসে তথ্য মন্ত্রণালায়ের তরফ থেকে।

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। পরদিন আইসিসির কাছে চিঠি পাঠিয়ে বিসিবি জানায়, নিরাপত্তা নিয়ে শঙ্কায় আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না তারা। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে নেওয়ার অনুরোধ করা হয় সেই চিঠিতে।

বিসিবির এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হারভাজান সিং বলেছেন, ভারত সব দলকে আতিথেয়তা দিতে প্রস্তুত। দেশটির সাবেক এই স্পিনারের মতে, ভারতে খেলতে যাওয়া না-যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশেরই।

এর পর বুধবার এ বিষয়ে আলাপ আলোচনা করতে সচিবালয়ে উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করতে যান বিসিবি সভাপতি ও কয়েকজন বোর্ড পরিচালক। সেখানে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও ছিলেন।

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে আসিফ নজরুল বলেন, আমার কাছে মনে হয়েছে, এটা কেবল নিরাপত্তাই না, জাতীয় অবমাননার ইস্যু। আমরা নিরাপত্তার ইস্যুকে মুখ্য করে দেখছি। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতাকে যে এই ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। তাকে আপনাদের টিম থেকে বাদ দেন। এটিই একটি ট্যাসিট রিকগনিশন যে ভারতে নিরাপদে খেলার পরিবেশ নেই। ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতির বিগার পিকচার নিয়ে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের নিরাপত্তা ও মর্যাদা, সেই প্রশ্নে আমরা কোনো আপস করবো না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের স্ট্যান্ডের মূলনীতি হচ্ছে, বাংলাদেশের নিরাপত্তা, সম্মান ও মর্যাদার প্রশ্নে আমরা আপস করবো না।

আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কবে জানানো হবে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, বুধবার রাত কিংবা কালকে সকালের মধ্যে দেওয়া হবে। নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আমরা আইসিসিকে আমরা প্রথমে লিখেছিলাম, খেলোয়াড়দের দেখার স্কোপ আমাদের আছে।

বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের অধিকার আমরা লড়াই করে যাব। এর আগে অনেকগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো আমরা এমন কথা বলিনি। এবার যৌক্তিক কারণ আছে বলেই আমরা বলেছি।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনে বিসিবির দাবি নাকচ করে দিয়েছে আইসিসিÑ এমন খবর জানায় দুই ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজ।

প্রতিবেদেনে বলা হয়, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে ছেড়ে দিতে হবে পয়েন্ট- এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। দুটি ওয়েবসাইটের খবরেই বলা হয়েছে, মঙ্গলবার অনলাইন সভায় বিসিবিকে এটি জানিয়ে দিয়েছে আইসিসি কর্তৃপক্ষ। 

অবশ্য বুধবার বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা-পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে, বোর্ডকে এ বিষয়ে আলটিমেটাম দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত