শীতের ছোঁয়ায় সবজির বাজারে স্বস্তি
প্রকাশ : ২৬-১২-২০২৫ ১৩:৫৩
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
শীতের পরশে সবজির দাম কমতে শুরু করেছে। বাজারে এখন বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। তবে দুই একটি সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার ঘরে। অন্যদিকে আগের মতোই বাড়তি দামই যাচ্ছে মাছের।
পুরোনো পেঁয়াজের দাম তুলনামূলক বেশি হলেও প্রতি কেজি নতুন মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজের কেজিও এখন ৭০ থেকে ৭৫ টাকা। অর্থাৎ, গত দু-তিন সপ্তাহ আগের চেয়ে পেঁয়াজের দাম প্রায় অর্ধেক কমেছে। বাজারে মুরগি, ডিম, মাছ ও অন্যান্য মুদিপণ্যের দাম আগের মতোই স্থিতিশীল।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, ঢাকায় বেশ শীত অনুভূত হওয়ায় বাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কিছুটা কম। বিক্রেতারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম বাড়বে।
সবজি বিক্রেতারা জানিয়েছেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে গ্রাহকের নাগালে এসেছে। এতে ক্রেতাদের মধ্যে শীতের সবজি কেনায় স্বস্তি দেখা গেছে।
অন্যদিকে, মুদি বাজারে কোনো পণ্যের দামেই তেমন হেরফের হয়নি বলে বিক্রেতারা জানিয়েছেন।
আজকের বাজারে প্রতিপিস ফুলকপি (মাঝারি) বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, বাঁধাকপি (মাঝারি) প্রতি পিস ৩০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠা ১৫ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৫০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, মুলা প্রতি কেজি ৪০ টাকা, শালগম প্রতি কেজি ৪০ টাকা, খিড়া প্রতি কেজি ৫০ টাকা, শিম প্রতি কেজি ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, টমেটো প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, আলু প্রতি কেজি ২০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া বাজারে প্রতি কেজি তেলাপিয়া মাছ আকার ভেদে ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকায়, রুই মাছ (মাঝারি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়, কই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা, প্রতি কেজি চাষের শিং মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, বড় চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১০০০ টাকা, পাঙাস প্রতি কেজি ১৭০ থেকে ২০০ টাকা, শোল প্রতি কেজি ৮০০ টাকা, টেংড়া প্রতি কেজি ৫০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগী প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালী প্রতি কেজি ২৮০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাত্র দু-তিন সপ্তাহ আগেই প্রতি কেজি নতুন আলু ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হলেও এখন তা কমে ২০-২৫ টাকায় নেমেছে। কয়েক সপ্তাহ ধরে বাজারে ফার্মের মুরগির ডিমের দাম একেবারেই কম। প্রতি ডজন বাদামি রঙের ডিম বাজারভেদে ১১৫ থেকে ১২৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
রামপুরা বাজারে বেসরকারি চাকরিজীবী আব্দুস সাত্তার বলেন, দীর্ঘদিন ধরে সবজির দাম খুবই বাড়তি ছিল। সেই তুলনায় এখন সবজির দাম কিছুটা কমেছে। শীতের সময় হিসেবে আরো কমা উচিত ছিল সবজির দাম। সারা বছর তো বাড়তি দামে এসব কিনে খেলাম, কিন্তু সবজির ভরপুর মৌসুম এই শীতে সবজির দাম গ্রামগঞ্জে একেবারেই কম। সেই তুলনায় ঢাকায় আরেকটু দাম কমলে বেশি ভালো হতো। তবে আগে যে সবজির উচ্চ মূল্য সেটি কিছুটা কমে এখন শীতের ছোঁয়া লেগেছে সবজির বাজারে।
মগবাজারে মাসুদুর রহমান বলেন, বাজারে সবকিছুর দাম উঠানামা করে। মাছের দাম কখনোই কমতে দেখলাম না। সব সময় বাড়তি দামে আমাদের মাছ কিনতে হয়। সাধারণত পাঙ্গাস, চাষের কই, তেলাপিয়া মাছ ছাড়া অন্য সব ধরনের মাছের দাম বাড়তি থাকে। আমাদের মতো মানুষষদের জন্য অতিরিক্ত দামের কারণে ভালো মাছ কিনে খাওয়ায় মুশকিল।
খিলগাঁওয়ের মাছ বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, কিছু কিছু মাছের দাম কমের মধ্যেই রয়েছে, কিন্তু বেশ কিছু মাছের দাম আগের মতোই রয়েছে। এর মূল কারণ হচ্ছে মাছের খাবারের দাম বেড়ে যাওয়ার পর থেকে, বাজারে মাছ বেশি দামে বিক্রি হচ্ছে।
সবজির দামের বিষয়ে কারওয়ানবাজারের বিক্রেতা আফজাল খন্দকার বলেন, এখন বেশিরভাগ সবজি খুবই কম দামে বিক্রি হচ্ছে। শীত মৌসুম হওয়ার কারণে সবজির ভরপুর সরবরাহ আছে বাজারে। সে কারণে বাজারের সব ধরনের সবজির দাম বর্তমানে কম যাচ্ছে। এর চেয়েও হয়তো কম দাম থাকতো, কিন্তু এসব ফসল বা চারা যখন ক্ষেতে ছিল তখন টানা কয়েকদিনের বৃষ্টির কারণে এসব ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকের যদি এমন ক্ষতি না হতো, তাহলে ফলন আরও বেশি হতো তখন বাজারে এর চেয়েও কম দামে সবজি বিক্রি হতো।
রামপুরা বাজারে ইয়াকুব আলী নামের একজন ক্রেতা বলেন, গত বছর প্রায় পুরো সময় সবজির দাম বেশি ছিল। ৬০ টাকা কেজির কম সবজি কেনা যায়নি। এখন ৪০-৫০ টাকা কেজি দরে অনেক সবজি কেনা যাচ্ছে। ১০০ টাকার সবজি কিনলে দু-চারদিনের জন্য যথেষ্ট।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com