স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা
প্রকাশ : ২৪-০৫-২০২৬ ১৮:৪৪
সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত।
নিজস্ব প্রতিবেদক
আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৪ মে) সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ঈদের ছুটির মধ্যে বিশেষ আদালত বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে।
রামিসার পর আবার রাজধানীর কলাবাগানে একই ঘটনা ঘটেছে। যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে সরকার কি আসলে ঠিক বার্তা তাদের কাছে দিতে পারছে না?-প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আসলে সামাজিক মূল্যবোধের অবক্ষয়। এখানে সমাজ সংস্কারের দরকার।
যেখানে সামাজিক মূল্যবোধকে তুলে ধরা দরকার আমাদের ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে, আমাদের কালচারের ভিত্তিতে। কিন্তু কিছু কিছু অপসংস্কৃতির আছর আমাদের সমাজে পড়েছে। কিছু অপসংস্কৃতির কারণে ধর্ষণের মাত্রা বা ধর্ষণের যে অবস্থা এবং সংখ্যা এমন পর্যায়ে পৌঁছেছে যা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে।
তিনি বলেন, তো আমরা কি করতে পারি? সরকার হিসেবে আমরা করতে পারি যে তার আইনানুগ ব্যবস্থা এবং বিচারের ব্যবস্থাটা নিশ্চিত করা। আমরা সবচেয়ে বেশি মনোযোগ এখানেই দিয়েছি যে দ্রুততম সময়ে যাতে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেপ্তার হয়।
সেই জায়গায় আমরা এই তিন মাসে প্রত্যেকটি ঘটনায় সফল হয়েছি ইনশাআল্লাহ। আর আল্লাহর রহমতে ভবিষ্যতেও আমরা এই জাতীয় যেকোনো ঘৃণ্য অপরাধে অভিযুক্ত বা অপরাধীদের কোনোভাবেই ছাড় দেব না।
রামিসাকে ধর্ষণ এবং হত্যা করার পর আসামিকে সাত ঘণ্টার ভেতরে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এক দিনের মধ্যে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই ১৬৪-এর স্টেটমেন্টে তার সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে।
আমরা খুব দ্রুততার সঙ্গে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি। সেই টেস্টে তিন দিন সময় লাগে। নির্ধারিত সময়ের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। ডিএনএ প্রতিবেদন গতকাল বিকেলে জমা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আমরা হাতে পেয়েছি ইতোমধ্যেই।
তিনি বলেন, এগুলো সব কম্পাইল (একত্রিত) করে চার্জশিট প্রণয়নের কাজটা গতকাল রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে আদালতে সেটা সোপর্দ করা হবে, হয়তো ইতোমধ্যে হয়ে গেছে। আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে তা জানেন।
কিন্তু এই বিশেষ আদালতের ছুটি প্রধান বিচারপতি বাতিল করার চিন্তা করছেন। বাতিল এখনও হয়েছে কি না আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় দেখছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একজন বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা পরিচালনা করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত পাঁচ থেকে সাত দিনের ভেতরে এই বিচার কার্য সমাপ্ত হবে।
বিএসআরএফের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
পিলসনিউজ/এসসি
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com