মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
প্রকাশ :
ছবি : সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতে তার বাসায় যায় পুলিশ। দরজার সামনে পুলিশকে দাঁড় করিয়ে রেখে দীর্ঘ সময় ফেসবুক লাইভে ছিলেন জ্যোতি। পরে তাকে বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। আটকের পর তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভের ভিডিও আর পাওয়া যায়নি।
তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনের ফ্ল্যাট থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়। এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি এই পুলিশ কর্মকর্তা।
তার আগে রাত ২টার দিকে জ্যোতি ফেসবুক লাইভে আসেন। এ সময় তার বাসার দরজায় পুলিশ দাঁড়িয়ে ছিল। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ তাকে বাগবিতণ্ডা করতে দেখা যায়। তার বিরুদ্ধে কী অভিযোগ, কোন গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, এসব জানতে চান জ্যোতি। তিনি পুলিশকে বলেন, প্রয়োজনে আমি সকালে আপনাদের অফিসে যাব। কিন্তু এখন যাব না।
পুলিশ তার দরজা ভাঙতে ধাক্কাধাক্কি করলে তাকে লাইভে বলতে শোনা যায়, আমার দরজা ভাঙার কোনো অধিকার আপনাদের নেই। এটা কিন্তু খুব খারাপ হবে। পরে তিনি পুলিশকে হাতকড়া না পরানোর অনুরোধও জানান।
জ্যোতিকা জ্যোতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য দলটির মনোনয়নপত্রও কিনেছিলেন তিনি। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার টিকিট চেয়েছিলেন।
আওয়ামী লীগ সরকারের শেষের দিকে ২০২৩ সালের ১৪ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্বে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জ্যোতি। জুলাই গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পর সেপ্টেম্বরে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তিনি শিল্পী ও কলাকুশলীদের নিয়ে আলোচিত ‘আলো আসবে’ গ্রুপের অ্যাডমিন ছিলেন।
২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। পরে টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন।
জ্যোতির অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’ ও ‘লাল মোরগের ঝুঁটি’।
দেশের বাইরে কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করেছেন জ্যোতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত প্রদীপ্ত ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমায় রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
ময়মনসিংহের গৌরীপুরের মেয়ে জ্যোতিকা জ্যোতি অভিনয়জীবনের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্রে কাজ করেছেন। নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি।
পিপলসনিউজ/আরইউ