নয় হাজার কোটি টাকার মালিক বলিউড অভিনেত্রী জুহি চাওলা
প্রকাশ :
ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
নব্বই দশকের আলোচিত বলিউড অভিনেত্রী জুহি চাওলা। পর্দায় তার হাসি, প্রাণবন্ত অভিনয় আর মিষ্টি কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন দর্শক।
আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’, শাহরুখ খানের সঙ্গে ‘ডর’, ‘ইয়েস বস’ কিংবা অক্ষয় কুমারের সঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’— নব্বইয়ের দশকে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি।
সময়ের সঙ্গে অভিনয়ে ব্যস্ততা কমিয়েছেন তিনি। এখন আর নিয়মিত সিনেমায় দেখা যায় না তাকে। অথচ সম্পদের হিসাব সামনে এলে বলিউডের অনেক সমসাময়িক তারকাকেই পেছনে ফেলেছেন এই অভিনেত্রী।
হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের হিসাব অনুযায়ী, জুহি ও তার পরিবারের সম্পদের পরিমাণ প্রায় নয় হাজার কোটি টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) জুহি চাওলার জন্মদিন। ১৯৬৭ সালের এই দিনে ভারতের হরিয়ানার আম্বালায় জন্ম নেওয়া অভিনেত্রী এবার ৫৯ বছরে পা দিলেন। জন্মদিনের আগে তাকে নিয়ে আলোচনার বড় কারণ অবশ্য অভিনয় নয়, বরং তার বিপুল সম্পদ। এই হিসাব তাকে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীদের শীর্ষে জায়গা দিয়েছে। তালিকায় তার ওপরে রয়েছেন কেবল শাহরুখ খান।
জুহির এই সম্পদের পেছনের ইতিহাস জানতে হলে ফিরে যেতে হবে তার ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে— ব্যবসায়ী জয় মেহতার সঙ্গে পরিচয় ও বিয়ে।
জয় মেহতা ভারতের পরিচিত শিল্পোদ্যোক্তাদের একজন। মুম্বাইভিত্তিক মেহতা গ্রুপের ব্যবসা বিস্তৃত চারটি মহাদেশে। সিমেন্ট ও নির্মাণসামগ্রী, প্যাকেজিং, চিনি, কৃষি, ফুল চাষ, প্রকৌশল, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন খাতে রয়েছে প্রতিষ্ঠানটির ব্যবসা।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শিল্পপ্রকৌশলে স্নাতক এবং সুইজারল্যান্ডের আইএমডি থেকে এমবিএ করা জয় মেহতা দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত। মেহতা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন তিনি। সিমেন্টশিল্পেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
জুহি ও জয়ের পরিচয় হয়েছিল সিনেমায় জুহির অভিষেকেরও আগে। পরে এক বন্ধুর আয়োজিত নৈশভোজে আবার দেখা হয় তাদের। এরপর জুহিকে মুগ্ধ করতে নানা চেষ্টা চালান জয়। এক সাক্ষাৎকারে জুহি জানিয়েছিলেন, প্রতিদিন চিঠি, ফুল আর উপহার পাঠাতেন জয়। এক জন্মদিনে তো এক ট্রাক লাল গোলাপ পাঠিয়েছিলেন। সেই ফুল দেখে জুহির প্রশ্ন ছিল, এত ফুল দিয়ে তিনি কী করবেন! শেষ পর্যন্ত প্রায় এক বছর পর জয়ের বিয়ের প্রস্তাবে সম্মতি দেন অভিনেত্রী।
১৯৯৫ সালে বিয়ে করেন তারা। তবে বিয়ের খবর দীর্ঘদিন গোপন রেখেছিলেন জুহি। তখন তিনি বলিউডে প্রতিষ্ঠিত হচ্ছিলেন, একের পর এক সফল সিনেমায় অভিনয় করছেন। তার ভয় ছিল, বিয়ের খবর প্রকাশ্যে এলে অভিনয়জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এক সাক্ষাৎকারে জুহি বলেছিলেন, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। তাই বিয়েটা সবার আড়ালে রাখার সিদ্ধান্ত নেন। পরে ২০০১ সালে প্রথম সন্তান জন্মের সময় তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এই দম্পতির দুই সন্তান—জাহ্নবী ও অর্জুন।
জুহির সম্পদের হিসাবের সবচেয়ে আলোচিত অংশের নাম কলকাতা নাইট রাইডার্স। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কেনার নিলামে অংশ নেন শাহরুখ খান ও জুহি চাওলা। তাদের সঙ্গে যুক্ত ছিলেন জয় মেহতাও। শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মেহতা পরিবারের ব্যবসায়িক স্বার্থ মিলিয়ে গড়ে ওঠে এই অংশীদারত্ব।
শুরুতে এটি ছিল ক্রিকেটের একটি নতুন ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সময়ের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স পরিণত হয়েছে আন্তর্জাতিক ক্রীড়াবাণিজ্যের পরিচিত ব্র্যান্ডে। আইপিএলে তিনবার শিরোপা জিতেছে দলটি। ২০২৪ সালের আসরে শিরোপা জয়ের পর দলটির বাণিজ্যিক পরিচিতিও আরও শক্তিশালী হয়।
তবে তাদের ব্যবসা শুধু কলকাতার দলেই সীমাবদ্ধ নেই; নাইট রাইডার্স গ্রুপের অধীন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ত্রিনবাগো নাইট রাইডার্স, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সসহ বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। ক্রিকেটকে কেন্দ্র করে বিনোদন, বিপণন ও আন্তর্জাতিক ব্যবসার যে সমন্বয় তৈরি হয়েছে, সেটিই জুহির সম্পদের বড় ভিত্তি।
২০২৫ সালের হুরুন তালিকা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে জুহি ও তার পরিবারের সম্পদ ৬৯ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে তাদের সম্পদের পরিমাণ যেখানে আনুমানিক চার হাজার ৬০০ কোটি রুপি ছিল, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় সাত হাজার ৭৯০ কোটি রুপিতে। এই বৃদ্ধির পেছনে নাইট রাইডার্সের ব্যবসায়িক মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শাহরুখ খানের সঙ্গে জুহির ব্যবসায়িক সম্পর্ক শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নয়; দুজন মিলে গড়ে তুলেছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমজ আনলিমিটেড। পরে শাহরুখ ও গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গেও যুক্ত হন জুহি। প্রতিষ্ঠানটি সিনেমা প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসাতেও বড় অবস্থান তৈরি করেছে।
জুহি ও শাহরুখের বন্ধুত্বের শুরু অবশ্য সিনেমার সেটে। ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘ডর’, ‘ইয়েস বস’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’— একসঙ্গে বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তারা। পর্দার সেই রসায়ন পরে ব্যবসায়িক অংশীদারত্বেও রূপ
১৯৮৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর বিনোদনজগতে যাত্রা শুরু জুহির। একই বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা জাতীয় পোশাকের পুরস্কারও পেয়েছিলেন। ১৯৮৬ সালে ‘সুলতানাত’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক। তবে প্রকৃত পরিচিতি আসে ১৯৮৮ সালে, আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমায় অভিনয়ের পর। ছবিটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়।
এরপর আর পেছনে তাকাতে হয়নি। নব্বইয়ের দশকে একের পর এক সফল সিনেমায় অভিনয় করেছেন। ‘লুটেরে’, ‘ডর’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘দিওয়ানা মাস্তানা’, ‘ইয়েস বস’ ও ‘ইশক’—তার অভিনয়জীবনের উল্লেখযোগ্য সিনেমা। বিশেষ করে কমেডিতে তার স্বতঃস্ফূর্ত অভিনয় ও সংলাপ বলার ধরন দর্শকদের কাছে তাকে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ সিনেমার জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার।
অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি জুহি। গত কয়েক বছরে বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও হাজির হয়েছেন নতুন নতুন চরিত্রে।
২০২২ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘হাশ হাশ’ দিয়ে ওটিটিতে গুরুত্বপূর্ণ এক নতুন অধ্যায় শুরু করেন জুহি। এটি ছিল তার প্রথম ওয়েব সিরিজ। তনুজা চন্দ্রা পরিচালিত এই সিরিজে তার সঙ্গে অভিনয় করেছেন আয়েশা জুলকা, সোহা আলী খান, কৃতিকা কামরা, শাহানা গোস্বামী ও কারিশমা তান্না।
২০২২ সালেই মুক্তি পায় ‘শর্মাজি নমকিন’। ঋষি কাপুরের মৃত্যুর আগে শুরু হওয়া ছবিটির বাকি অংশে তার চরিত্রে অভিনয় করেন পরেশ রাওয়াল। পরিচালক হিতেশ ভাটিয়ার এই ছবিতে জুহি চাওলাকে দেখা যায় মিসেস মানচান্দার চরিত্রে।
২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য রেলওয়ে মেন: দ্য আনটোল্ড স্টোরি অব ভোপাল ১৯৮৪’ সিরিজেও অভিনয় করেছেন জুহি। শিব রাওয়াইল পরিচালিত চার পর্বের এই সিরিজের গল্প ১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনাকে কেন্দ্র করে। ভয়াবহ বিপর্যয়ের রাতে সাধারণ মানুষের জীবন বাঁচাতে রেলকর্মীদের সাহসী ভূমিকার কাহিনী তুলে ধরা হয়েছে এতে।
একই বছর নেটফ্লিক্সে মুক্তি পায় ‘ফ্রাইডে নাইট প্ল্যান’। ভাতসল নীলকান্তন পরিচালিত এই কমেডি-ড্রামায় জুহি অভিনয় করেছেন দুই কিশোরের মায়ের চরিত্রে।
পিপলসনিউজ/আরইউ