weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
আরও ২৭৩ কোটি পাওয়ার সম্ভাবনা

কপ-৩১ থেকে ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করল বাংলাদেশ

প্রকাশ :

কপ-৩১ থেকে ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

সোহেলী চৌধুরী
কপ-৩১ জলবায়ু সম্মেলন থেকে দুটি আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে বাংলাদেশের জন্য প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত হয়েছে। এ ছাড়া গ্লোবাল শিল্ডের কার্যক্রম সফল হলে আরও প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সম্ভাব্য মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা। নিশ্চিত হওয়া অর্থের পুরোটাই অনুদান, যা বাংলাদেশকে ফেরত দিতে হবে না।

রোববার (২২ নভেম্বর) সকালে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

তিনি জানান, সম্মেলন চলাকালে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৪ কোটি টাকা এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো, প্রায় ৪১০ কোটি টাকার অনুদান নিশ্চিত হয়েছে। গ্লোবাল শিল্ডের প্রথম পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে আরও ২ কোটি ইউরো বা প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইএফের অনুদান সরকারি বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে। অন্যদিকে, গ্লোবাল শিল্ডের অর্থ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ু বিমা কার্যক্রমে ব্যবহার করা হবে। এসব কার্যক্রমের সার্বিক তদারকি করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

এ ছাড়া গ্রিন ক্লাইমেট ফান্ড, বৈশ্বিক পরিবেশ তহবিল এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিল থেকেও বাংলাদেশের জন্য আরও অনুদান সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান সাইমুম পারভেজ।

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, প্রায় ৪৮ ঘণ্টার সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের পাঁচ দফা দাবি তুলে ধরেন এবং একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রীর উত্থাপিত দাবির ভিত্তিতে গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে দরকষাকষি চালিয়েছে বাংলাদেশের প্রতিনিধিদল।

সম্মেলনে বাংলাদেশের দাবিগুলোর মধ্যে ছিল বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে অর্থায়ন বৃদ্ধি এবং ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা। প্রয়োজনে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়টিও দাবিতে অন্তর্ভুক্ত ছিল।

সম্মেলনের অন্যান্য কার্যক্রম তুলে ধরে সাইমুম পারভেজ জানান, ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রিপর্যায়ের বৈঠকে বন পুনরুদ্ধার এবং বনের ওপর নির্ভরশীল মানুষের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক অনুদান ও অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশের অর্জিত কার্বন ক্রেডিট বিক্রির প্রক্রিয়া নিয়ে গোল্ড স্ট্যান্ডার্ড ও গ্লোবাল কার্বন কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এবারের সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টিরও বেশি পার্শ্ব-অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি সংস্থা, তরুণ জলবায়ুকর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আলোচনায় কার্যকর অবদান রাখার সক্ষমতাকে আরও গুরুত্ব দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর থেকে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবারের জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

১৮ দিনে ৩১৭ কারখানার ক্ষতি সাড়ে ৫ হাজার কোটি টাকা : বিজিএমইএর জরিপ ১৮ দিনে ৩১৭ কারখানার ক্ষতি সাড়ে ৫ হাজার কোটি টাকা : বিজিএমইএর জরিপ কপ-৩১ থেকে ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করল বাংলাদেশ কপ-৩১ থেকে ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করল বাংলাদেশ এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি