weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬৮% , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

প্রকাশ :

তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা চার হাজার ৫০০ টাকা বেশি। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয়পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। তখন ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয়জন সদস্য ভোট দেন। শ্রমিকদের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। আর বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারিত হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

বোর্ডের সিদ্ধান্ত নিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের ব্রিফ করার কথা থাকলেও শেষ পর্যন্ত গভীর রাত হওয়ায় তা করা হয়নি। 

জানা যায়, ন্যূনতম বা গ্রেড ৪–এ মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড ৩–এ মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২–এ ২০ হাজার টাকা এবং গ্রেড ১–এ ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।

মজুরি বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শেষ হয়। 

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে মঙ্গলবার বেলা সোয়া তিনটায় চতুর্থ দিনের সভা শুরু হয়। সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব অংশ নেন। এ ছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বিশেষজ্ঞ হিসেবে সভায় অংশ নিয়েছেন।

জানা যায়, সভায় দর–কষাকষিতে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা থেকে চার দফায় বৃদ্ধি করে ১৭ হাজার টাকা করে। অন্যদিকে শ্রমিকপক্ষ ২২ হাজার থেকে চার দফায় কমিয়ে ১৯ হাজার টাকা প্রস্তাব করে। পরে মালিকপক্ষ তাদের প্রস্তাবে অনড় থাকলে শ্রমিকেরা ১৮ হাজার ৫০০ টাকা দাবি করে আবার সংশোধিত প্রস্তাব দেয়। মালিকপক্ষ তাদের প্রস্তাবে স্থির থাকলে শ্রমিকপক্ষ ১৮ হাজার দাবি করে। শেষ পর্যন্ত মালিক ও শ্রমিকপক্ষ নিজেদের প্রস্তাবে অনড় থাকলে বোর্ড চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন। রাত একটার পর এই ভোট হয়।

গত সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ প্রথম তাদের মজুরি প্রস্তাব জমা দেয়। শুরুতে তারা ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করেছিল। পরে শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবে ২৫ হাজার টাকা দাবি করে। তখন মালিকপক্ষ ১৫ হাজার ৫০০ টাকা দিতে রাজি হয়। পরে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা থেকে কমিয়ে ২২ হাজার টাকা দাবি করে আবার সংশোধিত প্রস্তাব জমা দেয়। সব শেষে মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করে। এতে শ্রমিকপক্ষ সন্তুষ্ট হয়নি। ওই দিন রাত সাড়ে আটটায় কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। ৯ নভেম্বর বোর্ডের দিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দিয়েছিল।

মঙ্গলবার এক ঘণ্টার বেশি সময় বৈঠক করার পর বিকাল পৌনে পাঁচটায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আলোচনায় আমি কখনো মালিকপক্ষ আবার কখনো শ্রমিকপক্ষের সঙ্গে আলাদা করে কথা বলেছি। এমনও হয়েছে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যেও আলাদা কথা বলার সুযোগ করে দিয়েছি।

আগের দিনের সভার মতো মঙ্গলবারও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। তাদের কেউ ৩০ হাজার, আবার কেউ ৩২ হাজার টাকা মজুরি দাবি করে স্লোগান দেন।

পোশাকশিল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নব্বইয়ের দশকের শুরুতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকের নিম্নতম মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে সেই মজুরি ৪৮ শতাংশ বেড়ে ৯৩০ টাকা হয়। তারপর প্রায় ৩০ বছরে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা। সর্বশেষ ২০২৩ সালে নিম্নতম মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ। তখন ন্যূনতম মজুরি নির্ধারিত হয় সাড়ে ১২ হাজার টাকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কপ৩১-এ বাংলাদেশের কূটনৈতিক সাফল্য কতটা, প্রত্যাশা পূরণে রয়ে গেছে বড় ঘাটতি কপ৩১-এ বাংলাদেশের কূটনৈতিক সাফল্য কতটা, প্রত্যাশা পূরণে রয়ে গেছে বড় ঘাটতি বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ওসমান ফারুকের আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি ওসমান ফারুকের আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি ইউপি নির্বাচন: দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ ইউপি নির্বাচন: দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ