বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে
প্রকাশ : ২০-০৭-২০২৬ ২৩:৫৩
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন (ফাইল ছবি)
নিজস্ব প্রতিবেদক
২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আইনি পর্যালোচনার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।
রোববার (১৯ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, “শেখ হাসিনা সরকারের সময়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে কেনা হয়েছিল। ফিফাকে চুক্তির পুরো অর্থ পরিশোধ করার পরও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে।”
তিনি আরও জানান, “বিটিভির মাধ্যমে হওয়া এই অনিয়মের ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে। আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য দুদকে পাঠানো হবে।”
সংবাদ সম্মেলনে ২০২২ ও ২০২৬ সালের বিশ্বকাপ সম্প্রচারের ব্যয়ের তুলনাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, “২০২৬ সালের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব এবার ফিফার কাছ থেকে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে কেনা হয়েছে। চারটি গণমাধ্যমে সফলভাবে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হয়েছে।”
সরকারি অর্থ ব্যয় না করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, “পুরো আয়োজন শেষে তিন থেকে চার কোটি টাকার ঘাটতি থাকতে পারে। তবে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় দিয়েই সেই ঘাটতি পূরণ করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “এবারের বিশ্বকাপ সম্প্রচারে সরকারি তহবিল থেকে ব্যয় প্রায় শূন্যের কোঠায় রাখা হয়েছে।”
পিলসনিউজ/এস.সি
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com