অস্কারজয়ী অভিনেত্রীসহ গ্রেপ্তার অন্তত ৩০
প্রকাশ :
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে নিউইয়র্কে আয়োজিত এক বিক্ষোভ থেকে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারানডন এবং এমিজয়ী অভিনেত্রী হান্না আইনবাইন্ডারসহ অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতিসংঘের সদরদপ্তরের বাইরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্বনেতাদের বার্ষিক সম্মেলনের সময় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা।
ফিলিস্তিনপন্থি ইহুদি অধিকার সংগঠন ‘জুইশ ভয়েস ফর পিস’-এর আহ্বানে এই কর্মসূচিতে সাংস্কৃতিক কর্মী, রাজনীতিক ও প্রগতিশীল আন্দোলনকারীরা অংশ নেন।
গ্রেপ্তারদের মধ্যে একজন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস প্রার্থী এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্যও রয়েছেন।
একই রঙের সাদা টি-শার্ট পরা প্রায় ২০০ বিক্ষোভকারী এদিন জাতিসংঘ ভবনের আশেপাশের সড়কে জড়ো হন।
বিক্ষোভকারীদের টি শার্টে লেখা ছিল ‘বোমা নয়, মানুষের পেছনে অর্থ ঢালুন’, ‘যুদ্ধ নয়’ এবং ‘ফিলিস্তিনের মুক্তি চাই’–এমন নানা প্রতিবাদী স্লোগান।
বিক্ষোভের কারণে জাতিসংঘ কমপ্লেক্সের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে লাউডস্পিকারে তাদের সরে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ।
কিছু বিক্ষোভকারী ফুটপাতে সরে গেলেও একটি বড় অংশ রাস্তায় বসে নেতানিয়াহুবিরোধী স্লোগান দেওয়া অব্যাহত রাখেন।
এরপর পুলিশ একে একে বিক্ষোভকারীদের হাত পেছনে বেঁধে পুলিশের বাসে তুলে নিয়ে যায়।
বিক্ষোভে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানিজে মোরাদিয়ান বলেন, গাজায় যা ঘটছে এবং নেতানিয়াহু যেভাবে জাতিসংঘের আন্তর্জাতিক মঞ্চ ব্যবহার করে নিজের সামরিক অভিযানের সাফাই গাইছেন, তার বিরুদ্ধে কথা বলাকে তারা নিজের দায়িত্ব বলে মনে করেন।
‘ডেড ম্যান ওয়াকিং’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কার জেতা সুসান সারানডন এর আগেও একাধিক ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নিয়েছেন।
অন্যদিকে জনপ্রিয় কমেডি সিরিজ ‘হ্যাক্স’-এর জন্য পরিচিত অভিনেত্রী হান্না আইনবাইন্ডারও গাজায় ইসরায়েলি আগ্রাসনের সোচ্চার সমালোচক।
নেতানিয়াহুর এই সফরকে কেন্দ্র করে জাতিসংঘের ভেতরে ও বাইরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ পরিষদে তিনি যখন বক্তব্য দিতে ওঠেন, তখন কয়েক ডজন দেশের কূটনীতিকরা কক্ষ ত্যাগ করেন।
জাতিসংঘের বাইরের এই বিক্ষোভ ছাড়াও সেদিন নিউইয়র্কের বিভিন্ন স্থানে শত শত মানুষ গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং তাতে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে রাজপথে নামেন।
পিপলসনিউজ/আরইউ