weather ২৮.৫৭ o সে. আদ্রতা ৬০% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে

প্রকাশ :

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্তে তার নাম আসায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

সোমবার দুপুরে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি বলেন, টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের নাম উঠে এসেছে। এ কারণে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা কতটুকু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হবে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

সুইডেন আসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে কিছু মামলা এখনো তদন্তাধীন। আবার কয়েকটি মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করা হয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষ সন্ত্রাসীদের ওপর গোয়েন্দা নজরদারির বিষয়ে জানতে চাইলে আকতার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে ডিএমপির গোয়েন্দা নজরদারি ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। নজরদারিতে রাখার অর্থ কাউকে ছেড়ে দেওয়া নয়; বরং এটি গ্রেপ্তার প্রক্রিয়ারই অংশ। সক্ষমতা অনুযায়ী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সুইডেন আসলামকে আটক করে। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

এর আগে ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছিলেন, সুইডেন আসলামকে গ্রেপ্তারের জন্য কয়েক দিন ধরে চেষ্টা চলছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে।

গত ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটনকে। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের ভগ্নিপতি। এ ঘটনায় টিটনের ভাই নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর পুলিশ জানিয়েছিল, অপরাধজগতের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’: নতুন কেনা একটি রেফ্রিজারেটর ভ্যানগাড়িতে যাচ্ছিল ঢাকার পুরোনো ডিওএইচএসের একটি বাসায়। গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল, সেটি কিনেছেন একজন সন্ত্রাসী। গোয়েন্দা পুলিশ ভ্যানটির পিছু নেয়। গিয়ে সত্যি সত্যি পেয়ে যায় একজন সন্ত্রাসীকে। তার নাম শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’।

১৯৯৭ সালের মে মাসের ২৬ তারিখের ঘটনা এটি। তখন আসলামের বয়স ৩৫। এর পর থেকে সুইডেন আসলাম কারাগারেই ছিলেন। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতির মধ্যে সাত আলোচিত সন্ত্রাসী জামিনে মুক্ত হন। মোহাম্মদপুর এলাকার ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন, মিরপুরের আব্বাস আলী ওরফে ‘কিলার আব্বাসের’ পাশাপাশি মুক্তি পান সুইডেন আসলামও।আসলাম কারাগার থেকে বের হন ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর। বছর দুয়েক কারাগারের বাইরে ছিলেন তিনি। এর মধ্যে ঢাকার বিভিন্ন অপরাধের ঘটনায় তার নাম আসছিল। 

সুইডেন আসলামের পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জে। স্বাধীনতার পর তার বাবা শেখ জিন্নাত আলী ও চাচারা ঢাকার ইন্দিরা রোডে বসবাস শুরু করেন। বাবা ফার্মগেটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। আসলাম পড়তেন তেজগাঁও পলিটেকনিক স্কুলে, যেটির এখনকার নাম তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়। বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আসলাম ফুটবল ভালো খেলতেন। স্কুলের হয়ে আন্তজেলা প্রতিযোগিতায়ও খেলেছেন। এসএসসি পাস করে তিনি ভর্তি হন তেজগাঁও কলেজে। তখন থেকেই জড়িয়ে পড়েন অপরাধে।

১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। এরপর তার বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ আসতে থাকে। গত শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকে একের পর শীর্ষ সন্ত্রাসীর উত্থান ঘটতে থাকে। একেক এলাকার অপরাধ একেকজনের নিয়ন্ত্রণে ছিল।

২০০১ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে পুলিশ ২৩ জন ‘শীর্ষ সন্ত্রাসীর’ নাম প্রকাশ করে। এ তালিকায় ছিল মিরপুরের ইব্রাহিমপুর ও কাফরুলের ‘কালা জাহাঙ্গীর’, মগবাজার ও মালিবাগ এলাকার সুব্রত বাইন, কারওয়ান বাজার ও তেঁজগাও এলাকার মোহাম্মদ হান্নান ওরফে পিচ্চি হান্নান, মোহাম্মদপুরের হারিস আহমেদ ওরফে হারেস, গুলশান ও বিমানবন্দর এলাকার আমিনুর রসুল সাগর ওরফে টোকাই সাগর, রায়েরবাজার ও নিউমার্কেট এলাকার খন্দকার নাঈম আহমেদ টিটন ইত্যাদি নাম। সুইডেন আসলামের নাম ওই তালিকায় ওঠেনি। তবে ২০১০ সালে পুলিশ ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর আরেকটি তালিকা করে। তাতে নাম ছিল আসলামের।

সুইডেন আসলামের পরিচিতজন, সংবাদমাধ্যমের প্রতিবেদন, পুলিশ ও ইন্দিরা রোডের বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সুইডেন আসলামের প্রথম স্ত্রীর নাম ইতি। তিনি থাকতেন সুইডেনে। একপর্যায়ে সুইডেন আসলামও যান সুইডেনে। সেখানে কয়েক বছর কাটিয়ে ঢাকায় ফেরেন।

এর পর থেকেই রাজাবাজারের শেখ আসলাম পরিচিত হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’ নামে। পরে পুলিশের তালিকায়, মামলার নথিতে এবং আদালতের খবরে এই নামটিই বারবার ব্যবহার করা হয়েছে। ইতির সঙ্গে আসলামের সংসার টেকেনি। বিচ্ছেদের পর ইতি বাংলাদেশে ফিরে আবদুল্লাহ আল হাসান ওরফে মামুন নামে এক ‘সন্ত্রাসীকে’ বিয়ে করেন।

১৯৯৫ সালে পুরান ঢাকায় মামুনসহ তিনজন খুন হন। সেই মামলার অভিযোগপত্রে আসলামের নাম ছিল। তখন সংবাদপত্রের প্রতিবেদনে উঠে আসে, মামুনের সঙ্গে ইতির প্রেম ও বিয়ে মেনে নিতে না পেরে তাকে (মামুন) খুন করেন আসলাম। ইতির সঙ্গে বিচ্ছেদের পর আসলাম নিজের চাচাতো বোন সিমিকে বিয়ে করেন। ২০২২ সালে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সিমি নিজের ভাই-বোনদের সঙ্গে থাকেন।

কত মামলা: সুইডেন আসলামের বিরুদ্ধে কত মামলা হয়েছিল, কয়টিতে তিনি খালাস পেয়েছেন, কয়টি চলছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ২০২৪ সালের সেপ্টেম্বরে সুইডেন আসলামের মুক্তির সময় বাসসের এক খবরে তার বিরুদ্ধে নয় হত্যাসহ ২২টি মামলার কথা বলা হয়েছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ