রূপগঞ্জে স্টিল কারখানায় বিস্ফোরণের দগ্ধ ৪
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস (পিএসআরএম) কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে তারাব পৌরসভার বরপা আড়িয়াবো এলাকার কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— সজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে সজিবের শরীরের ৭০ শতাংশ, রুবেলের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
তাদের সহকর্মী নাবিল তালুকদার বলেন, রাত ৮টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলাম। মিল থেকে বের হয়ে কিছুদূর যেতেই হঠাৎ মানুষের চিৎকার শুনে পেছনে তাকাই। তখন দেখি, রোলিং মিলের বাট্টি (ভাটি বা চুল্লি) বিস্ফোরণে চারপাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে আমি দেখি, বেশ কয়েকজন আগুনে দগ্ধ হয়েছেন।
দগ্ধ চারজনকে বার্ন ইনস্টিটিউটে আনা নাবিল এও বলেন, এ চারজন ছাড়াও আরও কয়েকজন দগ্ধ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে মিলটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধদের নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুল্লি থেকে গরম লোহা নিচে পড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এ এইচ এম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পিপলসনিউজ/আরইউ